
শেষ আপডেট: 11 November 2023 12:07
দ্য ওয়াল ব্যুরো: চাঁদনি চকের বহুতলে আগুন। দীপাবলির মুখে এমন ঘটনায় শনিবার সাত সকালে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন আসে। পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছেন তাঁরা।
সূত্রের খবর, চাঁদনি চকের মেট্রো স্টেশন লাগায়ো ম্যাডান স্ট্রিটের একটি বহুতলে এদিন সকালে আগুন লাগে। আচমকা বহুতল থেকে গল গল করে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বহুতলের ঠিক কোন জায়গায় আগুন লেগেছে তা খতিয়ে দেখতে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক পরে ভেতরে ঢুকছেন দমকল বাহিনীর কর্মীরা। বহুতলের মধ্যে থাকা মানুষজনকে দ্রুত বাইরে বেরিয়ে আসার জন্য মাইকে করে পুলিশের তরফে প্রচারও করা হয়।
চাঁদনি চক এলাকাটি এমনিতেই ঘিঞ্জি। আশেপাশে রয়েছে প্রচুর দোকান। কালীপুজোর মরশুম হওয়ায় এলাকার আশে পাশে বহু জায়গায় বাজিও বিক্রি হচ্ছে। জানা গেছে, ওই বহুতলের নীচে রয়েছে একাধিক দোকানে। ওপরে ফ্ল্যাটও। ঠিক কী কারণে আগুনের উৎপত্তি তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
আগুনের উৎসস্থল খুঁজতে ইতিমধ্যে ভিতরে ঢুকেছেন দমকল কর্মীরা। তবে বহুতলের প্রতিটি প্রবেশ পথ কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় ভিতরে ঢুকতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে অক্সিজেন ও মাস্ক নিয়ে ভেতরে ঢোকেন তাঁরা। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। হতাহতের কোনও খবর এখনও নেই।
ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। দীপাবলির মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।