
এই বহুতল থেকে পড়েই মৃত্যু
শেষ আপডেট: 20 December 2024 22:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে ফের রহস্য মৃত্যুর ঘটনা। সল্টলেক সেক্টর ফাইভের এক বহুতলের (পিডব্লিউসি বিল্ডিং)-এর নীচ থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এটি আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পরিবেশ চট্টোপাধ্যায়, তিনি সিডব্লিউসি কর্মী। অনুমান বহুতলের ১৬ তলা থেকে পড়ে গেছেন তিনি। এবার এটা ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা, না অন্য কিছু তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আরজি কর হাসপাতালে। প্রাথমিক তদন্তে অবশ্য পুলিশ মনে করছে এটি আত্মহত্যার ঘটনা।
মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করা হচ্ছে আদতে কী কারণে এই পথ বেছে নিতে পারেন তিনি। স্থানীয় সূত্রে খবর, যুবক একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এদিন সন্ধে ৭টার পর যখন ওই এলাকায় অফিস ফেরত ভিড় সেই সময়ই ওই যুবকের রক্তাক্ত দেহ দেখেন এক নিরাপত্তারক্ষী।