যাত্রীদের বড় অংশের প্রশ্ন, “দুর্ভোগ কমাতে গিয়ে কি উল্টে সমস্যা আরও বাড়ানো হচ্ছে না?”
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 12 September 2025 07:36
দ্য ওয়াল ব্যুরো: নিত্য সমস্যা তো ছিলই, তার উপর পুজোর আগে বাড়তি ভোগান্তির আশঙ্কা তৈরি করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দৈনিক ২৭২টি পরিষেবার সংখ্যা কমে দাঁড়াচ্ছে ২৪০-এ। অর্থাৎ, এক ধাক্কায় কমছে ৩২টি ট্রেন (32 metro trains were reduced)।
তবে পুরোপুরি বন্ধ হচ্ছে না এই পরিষেবা। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত চলবে এই ৩২টি ট্রেন। টালিগঞ্জে গিয়ে ফের দক্ষিণেশ্বরে ফিরবে সেগুলি। আর দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, সীমিত রেক নিয়েই পরিষেবা বজায় রাখতে এই কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ইস্ট–ওয়েস্ট ও উত্তর–দক্ষিণ করিডর মিলিয়ে হাতে আছে মাত্র ২৮টি রেক। এতেই দিনভর যাত্রী চাপ সামলাতে হচ্ছে। সম্প্রতি আরও কিছু ডালিয়ান কোচ বন্দরে এসে পৌঁছেছে। কিন্তু সেগুলির ট্রায়াল রান বাকি থাকায় এখনও পরিষেবায় শুরু করা যায়নি। কবে হবে, তাও স্পষ্ট নয়।
যাত্রীদের বড় অংশের প্রশ্ন, “দুর্ভোগ কমাতে গিয়ে কি উল্টে সমস্যা আরও বাড়ানো হচ্ছে না?” বিশেষত পুজোর মরশুমে, যখন শহরে মানুষের ঢল নামে, তখন পরিষেবা কাটছাঁটের সিদ্ধান্তে হতাশ সাধারণ যাত্রী। দক্ষিণ থেকে উত্তর শহরে প্রতিদিন যাতায়াতকারীদের আশঙ্কা—টালিগঞ্জে ট্রেন ঘুরে গেলে চাপ দ্বিগুণ হবে।
যদিও মেট্রো আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, পরিষেবা কমলেও ট্রেন চলবে নির্দিষ্ট ব্যবধানে। ব্যস্ত সময়ে প্রতি ৫ মিনিটে একবার করে, আর অন্য সময়ে প্রতি ৭ মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্তে মেট্রোর উপর চাপ কিছুটা হলেও সামলানো যাবে।
তবুও প্রশ্ন থেকে যাচ্ছে—পুজোর সময় যাত্রী ভিড়ের সঙ্গে কি সত্যিই পাল্লা দিতে পারবে মেট্রো? নতুন রেক কবে নামবে লাইনে? যাত্রী দুর্ভোগ কি আরও বাড়বে? শহরের হাজারো মানুষের চোখ এখন সেই উত্তর খোঁজার অপেক্ষায়।