শুক্রবার রাতে একাই ছিলেন ওই মহিলা। সেই সুযোগে তার ওপর নির্যাতন চালায় অভিযুক্ত। প্রথমে ভয়ে তিনি কাউকে ঘটনার কথা বলেননি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 October 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় (Kolkata) ফের ধর্ষণের (Rape) অভিযোগ! এবার বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে গ্রেফতারও (Arrest) করেছে পুলিশ।
কলকাতার বন্দর (Kolkata Port) এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারপর নাদিয়াল থানায় (Nadial) এই ধর্ষণের অভিযোগ জমা পড়ে। তদন্ত নেমে শনিবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাকে মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করানো হবে।
সূত্রের খবর, শুক্রবার রাতে একাই ছিলেন ওই মহিলা। সেই সুযোগে তার ওপর নির্যাতন চালায় অভিযুক্ত। প্রথমে ভয়ে তিনি কাউকে ঘটনার কথা বলেননি। পরে পরিবারকে বলার পর তারা নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পেলে স্পষ্ট হবে যে, একজন অভিযুক্ত না আরও কেউ ঘটনার সঙ্গে জড়িত।
এদিকে দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তরুণী। ফেরার পথে কিছু যুবক পথ আটকায় তাঁর। সরিয়ে দেওয়া হয় সেই সহপাঠীকে। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হয় এক নির্জন এলাকায়। সেখানেই তাঁর ওপর চালানো হয় নির্যাতন। পরে তাঁকে সেই সহপাঠীই উদ্ধার করে তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর নিউটাউন থানার পুলিশ। কলেজের তরফ থেকেও জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।
ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়েছে কি না, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি, কারণ বিষয়টি এখনও তদন্তের আওতায় রয়েছে। এই ঘটনায় সেই সহপাঠীও জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।