
শেষ আপডেট: 1 January 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণে মেতে উঠেছিল গোটা কলকাতা। নানা রঙে সেজেছিল তিলোত্তমা। উৎসবের মেজাজে ছিলেন কলকাতাবাসী। রবিবার রাত থেকেই উৎসাহী মানুষের ভিড়ে থিকথিক করছিল শহরের বিভিন্ন প্রান্ত। পায়ে হেঁটে যেমন মানুষ ঘুরেছেন, তেমনই শহরের রাস্তা শাসন করছিল বাইক রাজ। চারচাকার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আর ছিল নিয়ম ভাঙার হিড়িক। কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, কেউ আবার বাইক-গাড়িতে বেপরোয়া গতি তুলেছিলেন। এমন নানা অভিযোগের ভিত্তিতে বর্ষবরণের রাতে মোট ৪৫৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বর্ষবরণের রাতে আইন ভাঙার রেকর্ড গড়লেন কলকাতার মানুষ।
কলকাতা পুলিশ বারবার সচেতন করেছে। ট্রাফিক আইন মানার জন্য প্রচার চালিয়েছে সর্বত্র। কিন্তু কলকাতাবাসীর একাংশ সেইসব সচেতনমূলক প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ষবরণের রাতে মেতে উঠেছিল। কিন্তু কলকাতা পুলিশের কড়া নজরদারি এড়িয়ে যেতে পারেনি তারা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে কলকাতায় বিভিন্ন ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ১ হাজার ৫৭০টি মামলা রুজু হয়েছে। গ্রেফতার হয়েছেন ৪৫৭ জন। মদ খেয়ে গাড়ি চালানো, হেলমেট না পরা, দুর্ব্যবহার-- এইসব নানান অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তবে কোনও গাড়ি বা বাইক বাজেয়াপ্ত করা হয়নি।