দ্য ওয়াল ব্যুরো : উধম সিং নগর জেলার রুদ্রপুরে সোমবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন এক যুবক। তিনি হেলমেট পরেননি। উত্তরাখণ্ড পুলিশের টহলদার বাহিনীর তিন পুলিশকর্মী তাঁদের দেখতে পান। তাঁরা বাইকটিকে থামান। বাইক চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, এর পরে পুলিশকর্মীরা বাইকের চাবি খুলে বিঁধিয়ে দেন চালকের কপালে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, কপালে চাবি বেঁধানো অবস্থায় বাইক চালক দাঁড়িয়ে আছেন। তাঁর কপাল দিয়ে রক্ত ঝরছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা আটটা নাগাদ ওই ব্যক্তি বাইকে পেট্রল ভরতে যাচ্ছিলেন। তখন টহলদার পুলিশ তাঁকে আটক করে। ওই ঘটনার কথা জানাজানি হতে উত্তরাখণ্ড পুলিশের পদস্থ অফিসার অশোক কুমার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এক বাইক আরোহীর কপালে চাবি বিঁধিয়ে দিয়েছে শুনে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হন। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে স্থানীয় বিধায়ক রাজকুমার থুকরাল উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করেন।