
শেষ আপডেট: 3 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্যটি সামাজিক শিক্ষাতেও যে এগিয়ে তা আরও একবার প্রমাণ হল।এ বার রাজ্যের মহিলাদের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে নিয়োগের পরিকল্পনা নিল কেরল সরকার। বন্যার ভয়াবহতা কাটিয়ে কেরল এখন পুনর্গঠনের পথে, তবে বন্যাবিধ্বস্ত কেরলে মহিলাদের সাহস ও উদ্যোগ দেখে মুগ্ধ হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তারপরই রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে মহিলা নিয়োগের সিদ্ধান্ত নেন তিনি।
মহিলাদের নিয়োগের জন্য দুই দফতর মিলে মোট ১০০টি নতুন পদ তৈরি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে উদ্ধারকাজ বা আগুন নেভাতে ঝাঁপাবেন মহিলারা, বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে সরকারের তরফ থেকে। মোট ৫৭৮ মহিলা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করবেন, ৪৪ মহিলার বিশেষ কমান্ডো পদে থাকবেন, যেখানে উচ্চশিক্ষিত মহিলাদের নিয়োগ করা হবে। এছাড়াও থাকছে আধিকারিক পদ। বন্যায় কেরলের অধিকাংশ পরিবার সর্বস্ব হারিয়েছেন, নতুন করে রোজগারের পথ খুঁজছেন অনেকেই, সরকারের এই সিদ্ধান্তের পরই আশার আলো দেখছেন বেশ কয়েকটি পরিবার। সরকারের এ উদ্যোগ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও জোরদার সওয়াল করছে। সামাজিক উন্নয়নের বার্তা দিয়ে কেরল এবার বিশেষ প্রমীলা বাহিনী তৈরী করতে প্রস্তুত, শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশের সুপ্রিম রায়ের পর কেরল সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপ অন্যান্য রাজ্যের কাছেও শিক্ষণীয়।