
শেষ আপডেট: 3 November 2022 11:29
দ্য ওয়াল ব্যুরো: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এড়িয়ে গেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) হেমন্ত সরেন (Hemant Soren)। তাঁর বক্তব্য, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে ইডি (ED) আমাকে গ্রেফতার করুক। তলব করার দরকার নেই।
এই কথা বলে একটু আগে পাশের রাজ্য ছত্তীসগড়ের রায়পুরে চলে গিয়েছেন হেমন্ত। সকাল থেকে তাঁর সরকারি বাসভবনের সামনে ভিড় করে ছিলেন সাংবাদিকেরা। ভিড় ছিল রাঁচির ইডি দফতরের বাইরেও। সকাল ১১টায় যেতে বলা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। একটু আগে জানা যায় ইডির মুখোমুখি হচ্ছেন না হেমন্ত।
এরপর ইডি কী পদক্ষেপ করে সেটাই দেখার। দুর্নীতির মামলার তদন্তে হেমন্তকে তলব করে তারা।
বিজেপির দাবি, গ্রেফতার হওয়ার ভয়েই ইডির কাছে যাননি মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গতকাল রাজ্যের জোট সরকারের শরিকদের সঙ্গে বৈঠকের পর হেমন্ত দাবি করেছিলেন, তিনি ইডি, সিবিআইকে ভয় পান না।
কিছুদিন আগে বেআইনিভাবে অর্থ লেনদেনের মামলায় হেমন্তের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করে ইডি। তাঁর হেফাজত থেকে ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। পঙ্কজের সঙ্গে হেমন্তের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে, দাবি তদন্তকারীদের।
দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে আজ জেরা করবে ইডি, আর্থিক অবরোধের হুঁশিয়ারি জেএমএমের