
শেষ আপডেট: 11 March 2023 07:44
দ্য ওয়াল ব্যুরো: হোলির দিন দিল্লির (Delhi) রাস্তার ভাইরাল হওয়া একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, স্থানীয় কিছু যুবকের হাতে হয়রানির (molested) শিকার হচ্ছেন এক জাপানি (Japanese) তরুণী। তাঁকে জোর করে জড়িয়ে ধরে রং মাখিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিন-চারজন। সূত্রের খবর, শুক্রবারই তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন নাবালকও রয়েছে।
জানা গেছে, সেই ভিডিও দিল্লি পুলিশের হাতে পৌঁছতেই তরুণীর খোঁজ শুরু হয়। তাঁকে শনাক্তকরণের জন্য দিল্লি পুলিশ জাপান দূতাবাসেও নোটিস দেয়। কিন্তু দূতাবাস পাল্টা উত্তর দিয়ে জানায়, এমন কোনও ঘটনার খোঁজ এখনও পাওয়া যায়নি।
দেখুন ভিডিও -
পুলিশ সূত্রে খবর, জাপানের ওই তরুণী ভারতে ঘুরতে আসেন হোলির সময়। থাকছিলেন দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। পুলিশ জানিয়েছে, এখন আর তাঁকে পাওয়া যাচ্ছে না। কারণ, তরুণী এই ঘটনার পরই ভারত ছেড়ে বাংলাদেশে চলে গেছেন। ডেপুটি পুলিশ কমিশনার সঞ্জয় কুমার সেইন জানান, ওই ভিডিওটি খুঁটিয়ে দেখার পর তিনজন যুবককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারও করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করেছে।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী হোলির দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই কিছু ছেলে তাঁকে ‘হোলি হে’ বলে চিৎকার করে ঘিরে ধরে এবং জোর করে রং মাখিয়ে দেয়। মেয়েটি চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে সেখান জোর করে আটকে মাথায় গোটা ডিমও ফাটিয়ে দেয়। এরপর তাঁকে জড়িয়ে ধরতে গেলে বাঁচার জন্য ওই তরুণী ছেলেগুলির মধ্যে একজনকে চড় পর্যন্ত মারেন।
পুলিশ জানায়, তিন অভিযুক্তই পাহাড়গঞ্জ এলাকার বাসিন্দা। ওই তরুণী অভিযোগ দায়ের করলে তাদের আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। দিল্লি কমিশন ফর উইমেনের কর্মকর্তা স্বাতী মালিওয়াল জানান, তিনি দিল্লি পুলিশের কাছে নোটিস পাঠিয়ে বাকি অভিযুক্তদেরও শীঘ্রই হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।
প্রাতঃভ্রমণে বেরোনো চিকিৎসককে ধাক্কা মারল গাড়ি, শূন্যে উড়ে ছিটকে পড়লেন মাটিতে!