দ্য ওয়াল ব্যুরো: মাটি ছোঁয়ার আর বাকি মাত্র কয়েক সেকেন্ড। ঝোড়ো হাওয়ার দাপটে কেঁপে গেল বিমান। একবার মাটি ছুঁয়েই বেসামাল হয়ে কী কাণ্ড ঘটতে যাচ্ছিল তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।
ঘটনা ঘটে শুক্রবার লন্ডনের হিথরো বিমানবন্দরে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিথরো পৌঁছয় ব্রিটিশ এয়ারওয়েজের এই বিমানটি। ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময়েই রানওয়ে পিছলে যায় বিমানটি। হাওয়ার দাপটে সামান্য বেসামালাও হয়ে যায়। ভিডিও দেখে অনেকেই বলেছেন আর একটু হলে পাল্টি খেতে পারতো বিমানটি। তবে বিপদ ঘটার আগেই শক্ত হাতে নিয়ন্ত্রণে আনেন পাইলট। হোঁচট খেতে খেতেই ফের বিমান উড়িয়ে দুর্ঘটনা এড়ান তিনি।
https://twitter.com/BigJetTVLIVE/status/1093858770961223680
ব্রিটিশ এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকেই লন্ডনের আবহাওয়া খারাপ ছিল। আকাশ মেঘলা, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে বিমানের অবতরণে এমনিতেই দেরি হয়। তার উপর বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। পাইলটের উপস্থিতবুদ্ধি আর দক্ষতায় যাত্রীদের প্রাণ বাঁচে।
টুইটারে এই মুহুর্তে ভিডিওতে ২০ লক্ষেরও বেশি লাইক, সেই সঙ্গে পাইলটের প্রশংসা করে কমেন্ট, রিটুইট করেছেন ভিউয়াররা।