দ্য ওয়াল ব্যুরো : আর্থিক অনিয়মের অভিযোগে অস্ট্রিয়া থেকে ভারতীয় দূত রেণু পালকে ফিরিয়ে আনছে বিদেশ মন্ত্রক। তিনি সেদেশে এক অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন যার মাসিক ভাড়া ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ টাকা। তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের গুরুতর অভিযোগ উঠেছে।
রেণু পাল ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৮৮ সালের ব্যাচের অফিসার। আগামী মাসেই অস্ট্রিয়ায় তাঁর পোস্টিং-এর মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তাঁর বিরুদ্ধে তদন্ত করে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, “অস্ট্রিয়ায় সরকারি বাসভবনের পিছনে তিনি কোটি কোটি টাকা খরচ করেছেন। তার জন্য বিদেশ মন্ত্রকের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি।” একটি সূত্রে খবর, অভিযুক্ত অফিসার সরকারি অর্থ খরচের সময় মিথ্যা করে বলতেন, তিনি বিদেশ মন্ত্রকের থেকে অনুমতি নিয়েছেন।
রেণু পালের বিরুদ্ধে তদন্তের জন্য ভিজিলেন্স কমিশনের একটি টিম সেপ্টেম্বর মাসে ভিয়েনায় যায়। তদন্ত রিপোর্টে বলা হয়, অভিযুক্ত অফিসার আর্থিক অনিয়ম করেছেন। বিদেশ মন্ত্রকের প্রত্যেক কর্মীকে যে বিধিনিষেধ মানতে হয়, তাও মানেননি।
গত ৯ ডিসেম্বর রেণু পালকে হেড কোয়ার্টারসে বদলি করে দেয়। তাঁকে সরকারি অর্থ খরচ করতেও নিষেধ করা হয়। আগামী রবিবার তিনি ভিয়েনা থেকে ভারতে ফিরবেন।