.webp)
চিকিৎসক সুশান্ত রায়।
শেষ আপডেট: 10 September 2024 18:59
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে এবার চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। জলপাইগুড়ির শাখার সম্পাদক পদে ছিলেন সুশান্ত।
সূত্রের খবর, আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে নাম জড়িয়েছিল সুশান্তর। তাঁর মদতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়বাড়ন্তের অভিযোগও সামনে এসেছে। এমনকী কোভিড কালে স্বাস্থ্য দফতরের অর্থ তছরূপের অভিযোগও উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে।
আরজি কর মেডিক্যালে দুর্নীতি, স্বজন পোষণ-সহ একাধিক অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আগেই সাসপেন্ড করেছে আইএমএ। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়, অভীক দে, তাপস চক্রবর্তী, দীপাঞ্জন হালদার এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করার জন্য আইএমএ-এর কাছে সুপারিশ করেছিল সংগঠনের বাংলা শাখা।
জানা যাচ্ছে, এদিন সন্ধেয় আরজি করের চিকিৎসক তথা আইএমএ-এর জলপাইগুড়ি শাখার সাধারণ সম্পাদক চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করার কথা জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
সূত্রের খবর, শুধু আরজি করে দুর্নীতির প্রশ্নেই নয়, কোভিডকালে উত্তরববঙ্গের নোডাল অফিসার হিসেবে সুশান্ত রায়কে নিয়োগ করেছিল স্বাস্থ্যভবন। সে সময় সুশান্ত রায়ের নির্দেশেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একাংশকে রাখতে হোটেল ভাড়া নেয় প্রশাসন। অভিযোগ প্রশাসনের তরফে হোটেল ভাড়়া দেওয়া হলেও তা হোটেল মালিকদের মেটাননি সুশান্ত রায়। এনিয়ে আদালতে মামলাও গড়িয়েছে।
তারই মাঝে আরজিকর কাণ্ডেও নাম জড়িয়েছিল এই চিকিৎসকের। এবার কড়া পদক্ষেপ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।