নাকা চেকিংয়ের ছবি
শেষ আপডেট: 7 December 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: ফের প্রমাণ হল আলু পাচার তত্ত্ব। সক্রিয় দালাল চক্র। আসানসোলের ঝাড়খণ্ড সীমানায় অন্য সামগ্রীর চালান দেখিয়ে আলুভর্তি লরি ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার ঘটনা সামনে এল।
লরি চালকরা জানাচ্ছেন, রাস্তাতেই তাঁদের দালালরা অন্য সামগ্রীর চালানের কাগজের ব্যবস্থা করে দিচ্ছে। আলুভর্তি লরি চালকদের বলে দেওয়া হচ্ছে তাঁরা আলু ভর্তি করে অন্য চালান চেকপোস্টে দেখালেই নাকি গাড়ি ছেড়ে দেওয়া হবে।
এমনিতেই বাংলা থেকে ভিন রাজ্যে আলু পাঠানোয় নিষেধাজ্ঞা রয়েছে। ঝাড়খণ্ড সীমানাগুলোতে দাঁড়িয়ে রয়েছে একেরপর এক আলু ভর্তি লরি। আর তারই মাঝে এইসব আলু ভর্তি লরি ঘিরে তৈরি হয়েছে দালাল চক্র।
ভিনরাজ্যে আলু পাচার রুখতে জাতীয় ও রাজ্য সড়কে নজরদারি চলছিলই। তারপর অভিযোগ ওঠে, ঝাড়গ্রামের গ্রামীণ পথ দিয়ে পড়শি রাজ্যে চলে যাচ্ছে আলুর গাড়ি। তাই গ্রামীণ এলাকাতেও শুরু হয়েছে নাকা চেকিং।
শুধুমাত্র ঝাড়খণ্ড লাগোয়া জামবনি থানা এলাকায় নতুন করে ৩৯ টি নাকা চেকিং করা হয়েছে। আর জেলাজুড়ে রয়েছে ৭৪টি নাকা চেকিং। পাশাপাশি সিসি ক্যামেরায় চলছে নজরদারি। গত তিনদিনে ঝাড়গ্রাম ও জামবনি থানার পুলিশ সাতজনকে গ্রেফতারও করেছে।
ভিনরাজ্যে আলু পাঠানো যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ নভেম্বর থেকে ঝাড়গ্রামের বিভিন্ন সীমানায় কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। তারপরই গ্রামীণ রাস্তায় আলু বোঝাই লরি চলাচলের অভিযোগ ওঠে।