
অধীর চৌধুরী।
শেষ আপডেট: 19 December 2024 15:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অশান্তির পরিস্থিতি নিয়ে এবার বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
অধীরের কথায়, বাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথা চাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার প্রভাব পড়ছে সীমান্তের এ পাড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতেও। এ জিনিস এখনই বন্ধ না করা গেলে আগামীদিনে এরা বাংলাতেও হাত বসাবে। মালদহ, দিনাজপুর, মুর্শিদাবাদ, চব্বিশ পরগনা-সহ এমন মুসলিম প্রধান এলাকাগুলিকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে।
এ প্রসঙ্গ রাজ্য এবং কেন্দ্রকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়ে অধীরের বার্তা, "আর ঠুনকো রাজনীতি করবেন না। পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। দেশ শেষ হয়ে যাবে। এগুলো ক্যান্সারের লক্ষ্মণ। তাই এ বিষয়ে এখনই সিরিয়াস পদক্ষেপ করা উচিত।"
অধীরের বক্তব্য, তিনি সম্প্রতি এ নিয়ে মৌলবাদীদের স্ট্র্যাটেজির কথা বলেছিলেন। কিন্তু কিছু কিছু মিডিয়া তাঁর কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে।
অধীরের কথায়, "আমি বলেছিলাম, বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায় তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলিম বসবাস করে। এরা আগামীদিনে এই এলাকাগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে।"
অধীর আরও বলেন, "আমি একথা বলছি, কারণ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ইরাক, সিরিয়ার জন্ম নিয়েছিল আইএস। তাঁদের লক্ষ্য সাম্রাজ্য বাড়ানো। তাঁরা খালিফ বলে দাবি করছে। অথচ ইসলামে এমন কোনও কথা বলা নেই। এটা মৌলবাদের চরিত্র। মৌলবাদীদের এখনই রোখা না গেলে এরা এখন যেমন উত্তর পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলারও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে।"
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি একথাও মনে করিয়েছেন, দেশ স্বাধীনের দু'দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। তখনও মৌলবাদীরা দাবি করেছিল, মুর্শিদাবাদ পাকিস্তানের অংশ। আজও মুর্শিদাবাদে মুসলিমরা সংখ্যাই বেশি। মৌলবাদ মাথা চাড়া দিলে দেশ স্বাধীনের সেই পরিস্থিতি আবারও ফিরতে পারে।