
হুগলি জেল
শেষ আপডেট: 26 June 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পিএইচডি করতে চান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এসে ভাইভা দিলেন তিনি। এদিন হুগলি জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় বর্ধমানে।
পশ্চিম মেদিমীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত ছিলেন অর্ণব দাম। ২৯ ফেব্রুয়ারি এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় অর্ণবের। প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলে রাখা হলেও ১৭ মার্চ তাঁকে নিয়ে আসা হয় হুগলি জেলে। এখানে এসেই তাঁকে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। তাঁর বিষয় ইতিহাস।বিচারক সেটা তাঁর আদেশে নথিভুক্তও করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনা করতে বলেন।
কিন্তু জেলে আসার পর কেউ তাঁর আবেদনকে বিশেষ গুরুত্ব দেয়নি। এরপরেই দাবি আদায়ের জন্য অর্ণব অনশন শুরু করবেন ঘোষণা করেন। এপিডিআর অর্ণবের দাবিকে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। পরে কারা কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় ইন্টারভিউর ব্যবস্থা হয়। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে ভাইভা দিলেন তিনি।
হুগলি জেল সূত্রে খবর, জেলের ভিতরে ভাল লাইব্রেরি আছে। সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করছেন অর্ণব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মৌখিক ইন্টারভিউতে পাশ করলে জেলে বসেই ইতিহাস নিয়ে গবেষণা করার সুযোগ পাবেন তিনি। আর অর্ণবের স্বপ্ন পূরণ হলে, তা হবে ইতিহাস। কারণ রাজ্যের কোনও জেলে বসে আগে কেউ পিএইডি করেছেন তেমনটা এখনও জানা যায়নি।