
শেষ আপডেট: 30 June 2023 15:56
দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কলকাতায় আসার খবরে আলোড়ন পড়ে গিয়েছে। ৩ জুলাই সোমবার রাতে কলকাতায় পা রাখবেন মেসির সতীর্থ। তারপর দু’দিন কলকাতায় থাকবেন বিশ্বজয়ী কিংবদন্তি।
মঙ্গলবার মার্টিনেজ পা রাখবেন বিকাল সাড়ে চারটা নাগাদ। সেইসময় একটা প্রদর্শনী ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। মার্টিনেজের হাত দিয়ে ১০ জন সদস্যকে আজীবন সদস্যপদ দেওয়া হবে। তাঁকেও দেওয়া হবে মোহনবাগান ক্লাবের সাম্মানিক আজীবন সদস্যপদ।
মার্টিনেজের জন্য সবুজ মেরুনের সদস্যদের কার্ড দেখিয়ে একটি করে টিকিট দেওয়া হবে। এমনকী সাধারণ মানুষের জন্যও বিনামূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়েছে আগে এলে আগে পাবে ভিত্তিতে। তবে তারা টিকিট তুলতে পারবেন ইডেনের অপরদিকে পূর্ত দপ্তরের কাউন্টার থেকে। দুপুর ২টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত সময়।
৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা মার্টিনেজের। মার্টিনেজ শহরে থাকবেন ৫ জুলাই পর্যন্ত। ৪ জুলাই শহরের মিলনমেলা প্রাঙ্গনে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন বিতর্কিত গোলরক্ষক। তাঁকে নিয়ে আসছেন উদ্যোগপতি শতদ্র দত্ত।
ওই অনুষ্ঠানে তাহাদের কথা শীর্ষক আলোচনায় বলবেন কাতারের সফল তারকা। বেলা বারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানের টিকিটের মূল্য ৪৯৯ টাকা। সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। লাল হলুদের কর্তারাও সংবর্ধিত করবেন আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম কারিগরকে।