দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর পালা মিটতেই এসে গিয়েছে কালীপুজো তথা দীপাবলির উৎসব। অনেকেই আশা করেছিলেন, আনলক ৫-এর মেয়াদ অক্টোবর মাসে শেষ হলে কেন্দ্র ফের নতুন গাইডলাইন দেবে নভেম্বর থেকে। হয়তো দীপাবলি উপলক্ষে আরও কিছু বদল হতে পারে নিয়মে, শিথিল হতে পারে কড়াকড়ি। কিন্তু কার্যক্ষেত্রে তা হল না। নতুন গাইডলাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, আনলক ৫-এর যে গাইডলাইন আছে, সেটাই ৩০ নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানা গেল।
গাইডলাইন বলছে, নতুন করে কোনও লকডাউন জারি হচ্ছে না। তবে কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন বহাল থাকবে। দোকান, বাজার, শপিং মল খোলা থাকছে আনলক ৫-এর নিয়ম অনুযায়ীই। চলবে জরুরি পরিষেবাও। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হতে পারে বলে জানানো হয়েছে।
আনলক ৫-এর গাইডলাইন অনুযায়ী আন্তর্জাতিk উড়ানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়েই সফর করতে পারবেন যাত্রীরা। পর্যটন ছাড়া অন্য কোনও জরুরি প্রয়োজনে ভারতে আসতে পারবেন বিদেশিরা। এছাড়া নতুন করে সুইমিং পুলে ছাড় দেওয়া হয়েছে। ব্যবসায়ীদেরও ছাড় দেওয়া হয়েছে নানা ক্ষেত্রে। সিনেমা, থিয়েটার হল খোলা থাকবে, ৫০ শতাংশ আসনে কেবল দর্শক থাকবে।
তবে সমস্ত ক্ষেত্রে মাস্ক পরতেই হবে। বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা এবং ১০ বছরের কম বয়সি শিশুদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সকলকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে বলা হয়েছে। রাজ্যের ভিতরে পরিবহণ সচল থাকছে। দেশের মধ্যেও চলবে পরিবহণ।
জানা গেছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই নভেম্বর মাসে নতুন করে কোনও শিথিলতা ঘোষণা করছে না কেন্দ্র। কিন্তু মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নির্দেশিকায় কোনও বদল করা হচ্ছে না। আনলক ৫-এর নির্দেশিকাই জারি থাকবে ৩০ নভেম্বর, ২০২০ পর্যন্ত।
সামাজিক, খেলা, বিনোদন, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশও ছাড় দেওয়া হয়েছিল পঞ্চম পর্যায়ের আনলকে। তবে অংশগ্রহণকারীদের উপস্থিতির সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। পাশাপাশি মাস্ক পরা, স্যানিটাইজেশন এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো অন্যান্য কোভিডবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সেই নিয়মবিধিই আপাতত কার্যকর থাকছে।
ইতিমধ্যেই মোট করোনা সংক্রমণের হিসেবে ৮০ লক্ষ পার করে ফেলতে চলেছে ভারত। তবে গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। প্রায় এক লক্ষ ছুঁতে চলা থেকে ৩০ হাজারে নেমেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে কোভিড নিয়ম কড়া ভাবে পালন করতে পারলে অনেকটাই এড়ানো যেতে পারে বিপদ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।