
শেষ আপডেট: 4 January 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুকুটে নতুন পালক। এবার জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের কারিগরদের হাতে তৈরি টাঙ্গাইল, কোরিয়াল আর গরদের শাড়ি। গর্বিত মুখ্যমন্ত্রী অভিনন্দন জানালেন সেই শিল্পীদের, যাঁদের কুশলী হাতের সৃষ্টি এই সম্মান নিয়ে এল।
পূর্ব বর্ধমানের কালনা। সমুদ্রগড়ের ঘরে ঘরে ওঠে তাঁতের শব্দ। বোনা হয় বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা টাঙ্গাইল শাড়ি। রাজ্যের নারীদের মনের চাহিদা পূরণ করে ভিনরাজ্য ও বিদেশেও পাড়ি দেয় এই শাড়ি। শুধু সমুদ্রগড় নয়, হুগলির ধনেখালিতেও বোনা হয় এই শাড়ি। সেই টাঙ্গাইল শাড়িই এবার জিআই ট্যাগ পেল।
Three handloom saree items of West Bengal, namely Tangail of Nadia and Purba Bardhaman, and Korial & Garad of Murshidabad and Birbhum, have been registered and recognized as GI products.
— Mamata Banerjee (@MamataOfficial) January 4, 2024
I congratulate the artisans for their skills and achievements. We are proud of them. Our…
একইসঙ্গে জিআই ট্যাগ পেল মুর্শিদাবাদ ও বীরভূমের শিল্পীদের হাতে তৈরি কোরিয়াল ও গরদের শাড়ি। সিল্কের মিশেল থাকে এই শাড়িতে। কারিগরদের নিপুন বুননে নানা আলপনা ফুটে ওঠে কোরিয়ালের পাড়ে। কোরিয়াল আর গরদের নাম বললেই ভেসে ওঠে বীরভূম আর মুর্শিদাবাদের নাম। সেই দুই শাড়িও এবার জিআই ট্যাগ পেল। এই খবর আসার পরেই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ উজ্জ্বল করা এই তিন শাড়ি তৈরির নেপথ্যে থাকা সমস্ত কারিগরকে অভিনন্দন জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার যে শিল্পীদের দক্ষতায় এই সম্মান এল তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। ওঁদের এই সাফল্যে আমরা গর্বিত।”
ভৌগলিক নির্দেশক ট্যাগগুলি প্রাকৃতিক বা মানুষের তৈরি দু-রকম পণ্যের ক্ষেত্রেই দেওয়া হয়। দেশের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে তা সম্পর্কিত। ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই জিআই ট্যাগ কার্যকর হয়েছিল। ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। বাংলার আদরের রসগোল্লা জিআই ট্যাগ পাবে কিনা তা নিয়ে বাংলা ও ওড়িশার লড়াই মনে আছে গোটা রাজ্যের মানুষের। এই টানাপড়েনে শেষমেশ জয়ী হয়েছিল বাংলা। জিআই-ট্যাগের সম্মান আবার এল টাঙ্গাইল-কোরিয়াল-গরদের হাত ধরে।