দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থ থাকার পরে প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর। প্যানক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৬৩।
গত এক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আমেরিকাতেও চিকিৎসা চলেছে তাঁর। মুম্বই ও দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন একাধিক বার।
এক বছর আগে থেকেই অসুস্থতার কারণে একাধিক বার তাঁর পদে থাকা-না-থাকা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কিন্তু রাজ্য বিজেপি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মন্ত্রিত্বে তাঁকেই রাখা হবে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
https://twitter.com/rashtrapatibhvn/status/1107287948486017024
গত কাল, শনিবারই জানা গিয়েছিল, বিজেপির শরিক দল গোয়া ফরোয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাইয়ের সঙ্গে দেখা করবেন গোয়ার বিজেপি নেতৃত্ব। দলের পক্ষ থেকে জানানো হয়, “পার্রিকরজি আজ আছেন, কাল থাকবেন। আমরা প্রার্থনা করছি। কিন্তু আরোগ্য লাভের সম্ভাবনা নেই। খুবই অসুস্থ উনি… যদি খুব খারাপ কিছু ঘটে যায়, বিজেপি থেকেই কেউ নতুন মুখ্যমন্ত্রী হবেন।”
সম্প্রতি, অসুস্থ অবস্থাতেই নাকে নল লাগিয়ে বাজেট পেশ থেকে শুরু করে সব কাজ করেছেন পর্রিকর। কিন্তু শেষ কয়েক দিনে শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে তাঁর। এর জেরে শনিবার দিল্লিতে বৈঠকেও বসে বিজেপির পরিষদীয় দল। তার পরে রবিবার বিজেপির দু’জন পর্যবেক্ষক গোয়াতেও এসেছেন।
জানুয়ারি মাসে গোয়ার বাজেট পেশ করার সময় তিনি বলেছিলেন, “বর্তমান পরিস্থিতির জন্য আমি বিস্তারিত বাজেট বক্তৃতা পেশ করতে পারছি না। কিন্তু আমার একটা জোশ রয়েছেই। খুব উঁচু তারে বাঁধা জোশ রয়েছে। আর, আমি রয়েছি হুঁশেই।” জানুয়ারি মাসে গোয়ায় একটি ব্রিজের উদ্বোধনও করেন তিনি। যেখানে বহু লোককে উচ্ছ্বাসে ভাসিয়ে চিৎকার করে বলে উঠেছিলেন 'হাউ ইজ় দ্য জোশ?'
২০১৬ সালে নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইক করার সময়s মনোহর পার্রিকর ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। তাঁর আমলেই রাফায়েল যুদ্ধবিমান নিয়ে ফ্রান্স ও ভারতের মধ্যে দ্বিতীয় বার সন্ধিস্থাপন করা হয়।
রাত আটটা দশ নাগাদ অবসান হল জল্পনার। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পর্রিকর। তাঁর মৃত্যুর পরে এখন গোয়ার রাজনীতি কোন পথে এগোয়, তা দেখার জন্য অপেক্ষা করছে রাজনীতি-মহল।
তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন এ রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
https://twitter.com/MamataOfficial/status/1107290682186592256