
শেষ আপডেট: 8 April 2023 08:25
দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটে বাংলায় হারার পর এ রাজ্যের তাঁবু গুটিয়ে চলে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তারপর তেমন একটা তাঁকে দেখাও যায় না। মাঝেমাঝে ভেসে ওঠেন আলটপকা মন্তব্যের জন্য। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে মহিলাদের সম্পর্কে আবার একটি মন্তব্য করে সংবাদে এলেন কৈলাস।
এমনিতে বিজেপির নেতাদের মহিলাদের পোশাক-আশাক নিয়ে নির্দিষ্ট বিধি বেঁধে দেওয়ার রেওয়াজ আছে। ভারতীয় মহিলাদের কেমন পোশাক পরা উচিত সে ব্যাপারে প্রায়ই গেরুয়া নেতারা নানান টিকাটিপ্পনি কাটেন। কিন্তু কৈলাস যেন মাত্রা ছড়িয়ে গেলেন।
হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সর্বভারতীয় বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক বলেন, ‘মহিলাদের ছোট পোশাক পরলে নোংরা লাগে। অনেকটা শূর্পণখার (shurpanakha) মতো দেখায়। আমরা মহিলাদের দেবীর চোখে দেখি। আমার মনে হয় মেয়েদের পোশাকের ব্যাপারে শৈশব থেকেই আমাদের শিক্ষা দেওয়া উচিত।’
কৈলাসের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূলের মহিলা নেত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, ‘কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য ফের একবার প্রমাণ করে দিল বিজেপি মহিলাদের কী চোখে দেখে। এই দলটাই মহিলাদের শত্রু!’
ইন্দোরের নেতা কৈলাস এও বলেন, ‘আমি যখন রাত্রিবেলা বেরোই দেখি অল্পবয়সি ছেলেপুলেরা নেশাভাং করছে। তখন মনে হয় ধরে পাঁচ-সাতটা চড় কষিয়ে দিই!’ কৈলাস এমনিতে খুব ধার্মিক মানুষ। রোজ সকালে মহাকালের ছবি টুইট করেন। কিন্তু ইদানীং আলটপকা কথায় যেন সবাইকে ছাপিয়ে যেতে চাইছেন।
কয়েক মাস আগেই দই-চিঁড়ে বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর বাড়িতে কিছু শ্রমিক কাজ করছিলেন। তাঁরা টিফিনে দই-চিঁড়ে খাচ্ছিলেন। কৈলাস সেটা দেখতে পান। এবং ধরে নেন ওঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেকথা নিজেই টুইট করে লিখেছিলেন। তারপর কম বিতর্ক হয়নি। এবার মহিলাদের পোশাক টেনে রাবণের বোন শূর্পণখার সঙ্গে তুলনা করায় বিতর্কের ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, এবার কি জাতীয় মহিলা কমিশন কৈলাসকে নোটিস পাঠাবে?
ববিরই ভুল, মমতাকে এতদিনেও চিনতে পারলেন না? দীনেশের কথা ভুলে গেলেন!