
শেষ আপডেট: 20 March 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের বিরুদ্ধে অসভ্যতা করার অভিযোগ আনলেন রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ২০১৩ থেকে ২০১৭— পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন ভারতী। তার আগে মাওবাদী উপদ্রবের সময় সামলেছেন জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামের পুলিশ সুপারের দায়িত্ব। চাকরি ছেড়ে এখন বিজেপির রাজ্য নেত্রী ভারতী।
গত ৭ মার্চ সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন ভারতী-সহ বিজেপির মহিলা প্রতিনিধি দল। তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ফের সন্দেশখালি যাওয়ার আবেদন জানানোর পাশাপাশি এদিন মামলার শুনানিতে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসভ্যতা করার অভিযোগও আনেন ভারতী।
আদালত আগামী ২২ মার্চ ভারতীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে। রাজ্য পুলিশকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগু্প্ত। এতেই আপত্তি জানান ভারতীর আইনজীবী।
আদালতে তিনি বলেন, “৭ মার্চ আমার মক্কেল সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কোনও কারণ ছাড়াও পুলিশ তাঁদের পথ আটকায়, দিনভর একাধিক থানায় ঘোরানোর পর রাতে নিউটাউন থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। পরে ব্যাক্তিগত বণ্ডে জামিনে ছাড়া পান তিনি।”
এরপরই আদালতে ভারতীর আইনজীবীর আর্জি, “রাজ্য পুলিশ আমার মক্কেলের সঙ্গে অসভ্যতা করে। তাই সিআরপিএফ বা সিআইএসএফের নিরাপত্তা দেওয়া হোক।”
আদালত অবশ্য ওই আর্জি খারিজ করে জানিয়ে দেয়, দোড়গোড়ায় নির্বাচন। এখন কেন্দ্রীয় বাহিনীর দাবি মানা সম্ভব নয়। সন্দেশখালিও আগের তুলনায় শান্ত। রাজ্য পুলিশকেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।