
শেষ আপডেট: 22 July 2023 18:19
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জোকা ও ধর্মতলা মেট্রো রেলের (Metro Rail) কাজ চলছে। ধর্মতলা অঞ্চলেই অনেকটা জায়গা জুড়ে সেই খনন কাজ চলছে। পুরো কার্জন পার্ক অঞ্চলটাই নেই বললেই চলে।
এরকম এক পরিস্থিতিতে মেট্রো রেল থেকে একটি নোটিশ জারি হয়েছে, তাতে পরিষ্কার উল্লেখ রয়েছে, এই কাজের জন্য ময়দান (Maidan) অঞ্চলের পাঁচটি ক্লাবকে (Five Clubs) সরে যেতে হবে।
ওই ক্লাবের তালিকায় রয়েছে কালীঘাটের মতো প্রাচীন ক্লাব। এছাড়াও তালিকায় রাজস্থান ক্লাব, ক্যালকাটা পুলিশ ক্লাব, খিদিরপুর ক্লাব ও ক্যালকাটা ক্যানালস ক্লাব। এদিন কালীঘাট ক্লাবের পক্ষে এই খবর নিশ্চিত করেছেন বাবলু কোলে। তিনি সিএবি-র প্রাক্তন যুগ্মসচিবও।

শনিবার রাতে তিনি জানিয়েছেন, আমরা ১৭ জুলাই এই মর্মে একটি চিঠি পেয়েছি। তাতে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের সাময়িকভাবে সরে যেতে হলেও মেট্রো স্টেশনের কাজ সম্পূর্ণ হলে আমাদের যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে। এজন্য যা খরচ লাগবে, তা দেবে রেল কর্তৃপক্ষ। আমরা মানুষের সার্বিক উন্নতিতে এই প্রস্তাব মেনে নিয়েছি।
একই কথা বলেছেন রাজস্থান ক্লাবের বর্তমান শীর্ষ কর্তা প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক। তিনিও দ্য ওয়ালকে জানান, সম্প্রতি পরিবহন দফতরের সচিব সৌমিত্র মোহন বাবু আমাদের একটি সভায় ডেকেছিলেন। সেখানে আমাদের প্রস্তাব দেওয়া হয়, ক্লাব অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। কাজ শেষ হওয়ার পরে পুরো ক্লাবকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেবে রেলই। আমরা রাজি হয়েছি নাগরিক বিকাশের জন্য।
ওই বৈঠকে ছিলেন মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রও। তিনি বলেছেন, ধর্মতলা ও পার্ক স্ট্রিট সংলগ্ন দুটি স্টেশন হবে, তার জন্য ওই ক্লাবগুলি ক্ষতি হতে পারে। তাদের ফের আগের অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। ময়দানের পাঁচ ক্লাবের কর্তারাই এই প্রস্তাবে সম্মত হয়েছেন।
মহামেডানের শুভ উদ্যোগ! মণিপুরের ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা কর্তাদের