
ধাপায় আগুন - নিজস্ব চিত্র
শেষ আপডেট: 2 July 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের আগুন-আতঙ্ক। মঙ্গলবার সকালে বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ধাপায়। সেখানের রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। এই মুহূর্তে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। মোবিলের কারখানায় আগুন লাগায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
এদিন সকাল ১১টার কিছু পর ধাপার মাঠপুকুর এলাকায় ওই রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর, কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্যবস্তু ছিল। সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। মাঠপুকুর এলাকাটি জনবসতিপূর্ণ। তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণ করতে তাদের কিছুটা সময় লাগবেই।
মোবিলের কারখানায় আগুন লাগায় গোটা এলাকা ছেয়ে গেছে রাসায়নিক পোড়া কালো ধোঁয়া। তাতে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, কারখানার ভিতর থেকে পরপর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছিল। তাই আরও বড় কোনও দুর্ঘটনার আতঙ্কও বাড়ছে। ধোঁয়ার কারণ এলাকায় দৃশ্যমানতার অভাব রয়েছে। সেই কারণে দমকলেরও কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে আশা করা হচ্ছে, দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।