
শেষ আপডেট: 29 March 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: ঠগের উৎপাতে জেরবার ইস্পাত নগরী। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুরে কখনও সিবিআই আবার কখনও ভিজিল্যান্স অফিসার সেজে উচ্চপদস্থ সরকারি কর্মী বা অফিসারদের বাড়িতে হানা দিচ্ছে কোনও গ্যাং। তারপর ভয় দেখিয়ে, ভুয়ো আইডি কার্ড দেখিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে চম্পট দিচ্ছে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বার্নপুরে। সিবিআই অফিসার সেজে ইসকো স্টিল প্ল্যান্টের এক উচ্চপদস্থ কর্তার বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকা, গয়না লুঠ করে পালিয়েছে একজন।
বুধবার এই ঘটনা ঘটেছে বার্নপুরের একটি কোয়ার্টারে। ইসকো স্টিল প্ল্যান্টের আরএমএইচপি সিনিয়র ম্যানেজার সুমিত নাগরালের ফ্ল্যাটে হানা দেয় একজন। পুলিশ জানিয়েছে, সেই ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করেছিল। ভুয়ো আইডি কার্ড দেখিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে।
সুমিতবাবু পুলিশকে জানিয়েছেন, স্কুটারে করে আসে অভিযুক্ত। সে নিজেকে সিবিআই ইন্সপেক্টর হিসাবে পরিচয় দেয়। সেই সময় সুমিত নাগরালের ফ্ল্যাটে তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন। তাঁরা সিবিআই শুনে ঘাবড়ে যান। ভুয়ো আইডি কার্ড যাচাই করতেও পারেননি। ফলে ওই ব্যক্তি জোরজবরদস্তি ফ্ল্যাটে ঢুকে গিয়ে দামি জিনিস বের করতে শুরু করে। ওই ব্যক্তি ইসকো অফিসারের স্ত্রীকে বলেছিল, যে কারখানায় ভিজিল্যান্সের অভিযান চলছে। তাঁর স্বামী সুমিত নাগারাল-সহ দু’জনকে অফিসারকে আটক করা হয়েছে। সেই সূত্রেই তাঁর কোয়ার্টারে হানা দিয়েছে সিবিআই। বাড়িতে যত টাকাপয়সা, গয়না আছে সব বের করে দিতে বলে ওই ব্যক্তি।
জানা গেছে, ইসকো অফিসারের বাড়ি থেকে ৩ লক্ষ টাকার সোনার গয়না, দেড় লাখ টাকা নগদ, আধার কার্ড , ভোটার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিসহ একটি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি পালিয়ে গেছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ইসকো অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ছুটে আসেন। খবর দেওয়া হয় হিরাপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইসকো কর্তা সুমিত নাগারাল। আবাসনের সিসিটিভি ফুটেজও জমা দেওয়া হয় পুলিশকে।
পুলিশ জানাচ্ছে, এমন ঘটনা বারে বারে ঘটছে। কয়েক মাস আগে ইসকোর জিএম ভেনুগোপালের বাড়িতে গিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালিয়ে যায় এক অপরাধী। বার্নপুর টাউনশিপের সার্কুলার রোড, রিভার সাইড সহ আশপাশের এলাকায় আইএসপি অফিসার ও কর্মীদের বাড়িতে গিয়ে প্রতারণার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ইসকো অফিসারদের কোয়ার্টারে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অপরাধ চক্রকে ধরার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টাও হচ্ছে।