জবাবে তৃণমূলের আইনজীবীর যুক্তি, “হয়তো অন্য দল এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু আমরা মনে করছি, এতে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হচ্ছে, তাই আদালতের দ্বারস্থ হওয়া।”

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 August 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল শাসক দল তৃণমূল কংগ্রেস ( Tmc )। কমিশনের পক্ষ থেকে নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) নাম-সহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যা নিয়ে আপত্তি তুলেছে তৃণমূল। দলের অভিযোগ, এই ধরনের তথ্য তলব করার এক্তিয়ার নির্বাচন কমিশনের নেই।
এই আবেদনের শুনানিতে বিচারপতি অমৃত সিনহা স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, “শুধু কি আপনারাই এতে প্রভাবিত হচ্ছেন? সমস্ত রাজনৈতিক দলকেই তো একই তথ্য জমা দিতে বলা হয়েছে।”
জবাবে তৃণমূলের আইনজীবীর যুক্তি, “হয়তো অন্য দল এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু আমরা মনে করছি, এতে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হচ্ছে, তাই আদালতের দ্বারস্থ হওয়া।”
শাসক দলের দাবি, নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রাজ্যে স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট (SIR) চালু হবে। তার মধ্যেই বুথ এজেন্টদের নাম-সহ খুঁটিনাটি তথ্য চাওয়া, একাধিক প্রশ্ন তুলছে।
তৃণমূল কংগ্রেসের তরফে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলেও, আদালত আপাতত সেই আর্জি খারিজ করে দেয়। বিচারপতি জানিয়েছেন, নির্ধারিত নিয়ম মেনেই মামলার শুনানি হবে।
কমিশনের এই পদক্ষেপ নিছকই প্রশাসনিক না কি এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে, তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।