
শেষ আপডেট: 29 July 2023 14:06
দ্য ওয়াল ব্যুরো: নয়ডার অনুষ্ঠান সেরে দিল্লি যাচ্ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। শুক্রবার রাত দশটা। ফাঁকা রাস্তায় জোরে ছুটছিল রাজ্যপালের কনভয়। আচমকাই রাজ্যপালের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কনভয়ের মধ্যে ঢুকে পড়ল অন্য একটি গাড়ি! শুধু তাই নয়, কনভয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কাও মারে সেটি (Drunk duo hit Kerala Governors convoy)।
দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই থেমে যায় রাজ্যপালের কনভয়। দৌড়ে আসে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। ঘাতক গাড়িটিকে ঘিরে ধরে তারা। তারপর গাড়ির মধ্যে থেকে দু'জনকে টেনে বের করে আনা হয়। পুলিশ সূত্রে খবর, দু'জনেই মদের নেশায় চুর ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই রাজ্যপালের কনভয়ের মধ্যে ঢুকে পড়েছে তাদের গাড়ি। পুলিশ দু'জনকেই গ্রেফতার করেছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম মনু কুমার ও গৌরব সোলাঙ্কি। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে রাজ্যপালের নিরাপত্তা বলয়ের মধ্যে এমন করে একটা গাড়ি ঢুকে পড়ল, তা তদন্ত করে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। পাশাপাশি, রাজ্যপালের ওপর কোনও হামলার ছক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
রাস্তায় মেয়েদের ধাক্কা দিয়ে যৌন হেনস্থা, এটাই ৪৩ বছরের ব্যক্তির 'হবি'! ১০০ জনের সঙ্গে ঘটিয়েছে এমনটা