
শেষ আপডেট: 28 January 2023 10:16
দ্য ওয়াল ব্যুরো: তরুণীর অপরাধ, নিজের পোষ্য সহ এলাকার বেশ কয়েকটি পথকুকুরকে খাওয়াতেন তিনি (feeding dogs)। শুধু সেই জন্যই আলাদা করে লোক পাঠিয়ে তরুণীকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করল দুই প্রতিবেশী (Delhi Woman Assaulted)। মাত্র ৫ দিনে ২ বার একই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে দিল্লির বাবা হরিদাস নগর এলাকায়। মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনায় গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের মধ্যে একজন নাবালক। বাকি দুজন তরুণীর প্রতিবেশী। আরও দুই অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
অভিযুক্ত দুই প্রতিবেশীর নাম ইরান এবং ইমরান। কুকুর নিয়ে হাঁটতে বেরোনোর জন্য দীর্ঘদিন ধরেই তরুণীকে ভয় দেখাত তারা। সেই ঘটনায় প্রাথমিকভাবে গত ২২ জানুয়ারি ইরান ও ইমরানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, তারপরেও থামেনি দুই অভিযুক্ত। তরুণী কুকুর নিয়ে যাতে না বেরোন, তা নিশ্চিত করতে তাঁকে ভয় দেখানোর জন্য ইরান ও ইমরান আলাদা করে লোক পাঠিয়েছিল। শিবম, দিলীপ এবং কালে (নাবালক) নামে ৩ জন একটি বাইকে করে গিয়ে তরুণীকে মারধর করে এবং ভয় দেখায়। তাঁকে আগের অভিযোগটি তুলে নিতে বলা হয়। তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে জানিয়েছেন তরুণী।
এরপর শুক্রবার তিনি আরও একটি অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতায় ক্যাবের তলায় চাপা পড়ল ৪ কুকুর ছানা, বেপরোয়া গতিতে ছুটছিল গাড়ি