
শেষ আপডেট: 8 February 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: ফি-বারই গঙ্গাসাগর মেলায় যাতায়াতের জন্য জলপথের উপরেই নির্ভর করতে হয় পুণ্যার্থীদের। গঙ্গার জোয়ার ভাটার জেরে অনেকসময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাও করতে হয়। তাই মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।
এবার সেই দাবি মিটতে চলেছে। দক্ষিণ ২৪ পরগনায় মুড়িগঙ্গা নদীর উপর ১২০০ কোটি টাকা ব্যয়ে 'গঙ্গাসাগর সেতু' তৈরি করতে চলেছে রাজ্য। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী তিন বছরের মধ্যে এই সেতু নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিবছরই মকরস্নানকে কেন্দ্র করে বসে গঙ্গাসাগর মেলা। ক্ষমতায় বসার পর থেকেই গঙ্গাসাগর মেলার পরিকাঠামো উন্নয়নে বাড়তি জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। সেক্ষেত্রে সেতু নির্মাণ হলে আরও কম সময়ে বেশি সংখ্যক মানুষ পৌঁছতে পারবেন এই তীর্থক্ষেত্রে।
দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি পুূর্ববর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় দামোদর নদের ওপর আর একটি সেতু তৈরি করবে রাজ্য। এই সেতুর নামকরণ করা হয়েছে শিল্প সেতু। ৪ লেন বিশিষ্ট ৬৪০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হবে ২৪৬ কোটি টাকা। ৩ বছরের মধ্যে সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা রাখছে রাজ্য। চলতি অর্থ বর্ষে এজন্য বরাদ্দ করা হল ১০০ কোটি টাকা।
দামোদর নদের ওপর একটি সেতু রয়েছে, যার নাম কৃষক সেতু। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেতুটির ওপর চাপ বাড়ছে। ইতিমধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বীরভূমে শিল্প স্থাপন করতে চেয়ে এগিয়ে আসছে একাধিক শিল্প সংস্থা। তাই বিকল্প সেতু তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে রাজ্য। এ ব্যাপারে স্থানীয়রাও সেতু নির্মাণের দাবি জানিয়েছিলেন। বিকল্প এই শিল্প সেতু তৈরি হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে।