
শেষ আপডেট: 23 March 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর পড়েছিল ট্রলি ব্যাগ। চুঁইয়ে পড়ছিল রক্ত। নালার ধারে ব্যাগটি দেখেই এলাকায় শোরগোল পড়ে। পুলিশে খবর দেওয়া হয়। টেকনো সিটি থানার পুলিশ এসে ব্যাগ খুলে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করে। ট্রলি ব্যাগে ভরে কেউ দেহ নালায় ফেলে রেখে এসেছিল বলে অনুমান। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে এলাকার মানুষ পাঁচুরিয়া এলাকায় নালার ধারে লাল রঙের ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। প্রথমে কেউ খেয়াল না করলেও পরে রক্ত চুঁইয়ে পড়তে দেখে আলোড়ন পরে। ব্যাগটি তালা বন্ধ অবস্থায় ছিল। পুলিশ পৌঁছে তালা ভেঙে ব্যাগের ভিতর থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রৌঢ়ের মাথায় আঘাতের চিহ্ন ছিল। রক্ত বেরোচ্ছিল। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের করা হয়। খবর পেয়ে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যান। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পারিপার্শ্বিক সমস্ত কিছু খতিয়ে দেখেন। তবে এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় কিছুটা অসুবিধায় পড়ে পুলিশ।