দ্য ওয়াল ব্যুরো : বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে ভারতে আসতে পারে করোনার তৃতীয় ওয়েভ। এর মধ্যে হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন মন্তব্য করলেন, "মনে হচ্ছে কোভিড এন্ডেমিকের (Covid Endemic) কোনও এক পর্যায়ে প্রবেশ করেছে ভারত। এই পর্যায়ে রোগের সংক্রমণ হবে মৃদু অথবা মাঝারি।" চলতি বছরের শুরুতে বিজ্ঞানীরা সমীক্ষা করে বলেছিলেন, আগামী দিনে এন্ডেমিকের রূপ নেবে কোভিড। বিশ্বের কোনও কোনও প্রান্তে ওই রোগের অস্তিত্ব থাকবে।
এন্ডেমিক কাকে বলে
কোনও রোগ যদি স্থায়ীভাবে একটি এলাকার মানুষের মধ্যে থেকে যায়, তাহলে তাকে বলে এন্ডেমিক রোগ। বিশিষ্ট ভাইরোলজিস্ট শাহিদ জামিল বলেন, ইনফ্লুয়েঞ্জাকে এন্ডেমিক বলা যায়। কারণ তা একেবারে লোপ পায়নি। কিন্তু স্মলপক্স পুরোপুরি লোপ পেয়েছে। তিনি জানান, যে প্যাথোজেনগুলি প্রাণির শরীরে বাসা বাঁধে না, কেবল সেগুলিই চিরতরে নির্মূল করা সম্ভব হয়। অর্থাৎ যে জীবাণু বাদুড়, উট অথবা সিভেট বেড়ালের শরীরে অবস্থান করে, তারা জনগোষ্ঠীর প্রতিরোধ ক্ষমতা কমে এলেই ফের মানুষকে আক্রমণ করে। করোনাভাইরাস পশুপাখির দেখে বাসা বেঁধে থাকতে পারে। তাই এই ভাইরাসকে কখনই পুরোপুরি নির্মূল করা যাবে না। যদি জনসংখ্যার বড় অংশ ভ্যাকসিন নেন, তাঁদের শরীরে করোনা প্রতিরোধের ক্ষমতা জন্মায়, তাহলে অবশ্য ওই ভাইরাস সংক্রমিত হলেও রোগের উপসর্গগুলি দেখা যাবে না।
কখন এন্ডেমিক হতে পারে কোভিড
কত দ্রুত কোভিডের সংক্রমণ হচ্ছে এবং ভাইরাসের মিউটেশন হচ্ছে, তার ওপরে নির্ভর করবে রোগটি এন্ডেমিক হবে কিনা। শাহিদ জামিল বলেন, কোনও ভাইরাস কখন এন্ডেমিক হবে, তা নির্দিষ্ট করে বলা যায় না। সুতরাং আমাদের টিকাকরণে আরও জোর দিতে হবে। সেক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রিত হবে অনেকাংশে।
এর আগে আইসিএমআরের সেরোলজিক্যাল সার্ভেতে দেখা যায়, দেশের ৭০ টি জেলায় জনসংখ্যার দুই তৃতীয়াংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাঁদের অনেকে ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়েছেন। আমাদের দেশে টিকাকরণের হার এখনও কম। তাই বিজ্ঞানীদের ধারণা, যাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাঁরা কখনও কোভিডে সংক্রমিত হয়েছিলেন। কিন্তু তাঁদের দেহে রোগের লক্ষণ প্রকাশ পায়নি।
অ্যান্টিবডি কতদিন কাজ করবে?
বিজ্ঞানী পার্থ মজুমদার বলেন, "যাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাঁরা সাধারণত কোভিডে আক্রান্ত হন না। যদি আক্রান্ত হন, তাহলেও গুরুতর অসুস্থ হবেন না। এই ভাইরাসের সঙ্গেই আমাদের বাঁচতে হবে। আমাদের মধ্যে সম্ভবত ইতিমধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে।"