দ্য ওয়াল ব্যুরো : কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঐতিহাসিক। শুক্রবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এর ফলে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে বিশ্বের নানা প্রান্ত থেকে বিনিয়োগ আসবে। আমাদের বেসরকারি সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় আরও বেশি সুবিধা পাবে। সৃষ্টি হবে নতুন চাকরির সুযোগ। তাতে লাভবান হবে ১৩০ কোটি ভারতবাসী।
একইসঙ্গে মোদী বলেন, গত কয়েক সপ্তাহে সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে, তাতে পরিষ্কার বোঝা যায়, আমরা এদেশে ব্যবসায় সবরকম সুবিধা করে দিতে চাই। তাতে সমাজের সব স্তরের মানুষ উপকৃত হবেন। এদেশে পাঁচ হাজার কোটি ডলারের অর্থনীতি গড়ে উঠবে।
https://twitter.com/narendramodi/status/1174963190091771904
https://twitter.com/narendramodi/status/1174963369234747392
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশ করা হল। এর ফলে হু হু করে বেড়েছে শেয়ার সূচক। অর্থমন্ত্রী ওই ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে সেনসেক্স বেড়ে যায় ২২৮৪.৫৫ পয়েন্ট। এদিন বাজার বন্ধের সময় কিছুটা নেমে সেনসেক্স ৩৮০১৪.৬২ পয়েন্টে স্থির হয়। গত এক দশকে একই দিনে সেনসেক্স কখনই এত বাড়েনি। নিফটিও অর্থমন্ত্রীর ঘোষণার পরে ৬৭৭.১ পয়েন্ট বেড়ে যায়। দিনের শেষে সামান্য নেমে সূচক দাঁড়িয়েছে ১১২৭৪.২০ পয়েন্টে। সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছে বিভিন্ন দেশীয় কর্পোরেট সংস্থা। এর মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, এত কর ছাড় দিলে আর্থিক ঘাটতি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা যাবে কীভাবে। নির্মলা সীতারমনও জানিয়েছেন, করছাড় দেওয়ার ফলে চলতি আর্থিক বছরে রাজস্ব ১.৪৫ লক্ষ কোটি টাকা কম আদায় হবে।