
শেষ আপডেট: 7 March 2023 05:55
দ্য ওয়াল ব্যুরো: কে কত বড় হনুমান ভক্ত, বিজেপি (BJP) নাকি কংগ্রেস (Congress)—তাই নিয়ে তরজা শুরু হল মধ্যপ্রদেশে। অনেকের মতে, দুয়ারে ভোট থাকা মধ্যপ্রদেশে হিন্দুত্বের লড়াইয়ে নেমে পড়ল কংগ্রেস, বিজেপি।
ঘটনা কী?
মধ্যপ্রদেশে বিজেপির তরফে দেহসৌষ্ঠব (Bodybuilding) প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ৪-৫ মার্চের সেই কর্মসূচিতে একটি অংশ ছিল মহিলাদের দেহ সৌষ্ঠব প্রদর্শন। মঞ্চের এক পাশে রাখা ছিল হনুমানের (Hanuman) মূর্তি। সেই হনুমান মূর্তির সামনে কেন মহিলারা প্রায় নগ্ন (Nudity) হয়ে দেহ সৌষ্ঠব প্রদর্শন করলেন তা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস।
সাবেক জাতীয় দলের বক্তব্য, এভাবে হনুমানের অমার্যাদা করেছে বিজেপি। প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের মিডিয়া অ্যাডভাইজার পীযূষ বাবেলে অভিযোগ করেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জন্মদিন উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই শিবরাজের উচিত ক্ষমা চাওয়া।
পাল্টা বিজেপি মুখপাত্র হীতেশ বাজপেয়ী বলেছেন, ‘কংগ্রেস মহিলাদেরকে অন্ধকারে রাখতে চায়। তারা চায় না সাঁতার, বডিবিল্ডিং, জিমন্যাসটিক্সের মতো ক্রীড়ায় মহিলারা আসুক।’
বিজেপির উদ্যোগে ওই দেহ সৌষ্ঠব প্রদর্শন হয়ে যাওয়ার পর ওই জায়গায় হনুমান চালিসা পাঠ করে কংগ্রেস। গঙ্গাজল দিয়ে ধুইয়ে শুদ্ধ করা হয়।
যে বিজেপির বিরুদ্ধে মহিলাদের পোশাক বা ইত্যাদি নিয়ে নীতিপুলিশির অভিযোগ তোলে কংগ্রেস, সেই কংগ্রেসকে দেখা গেল মহিলা ক্রীড়াবিদদের পোশাকে হনুমানের অমার্যাদার জিগির তুলতে। পর্যবেক্ষকদের অনেকের মতে, রামমন্দিরের জন্য ইট পাঠানো থেকে শুরু করে হনুমান জয়ন্তী পালনে সংগঠিত কর্মসূচি নেওয়া—কমলনাথের কংগ্রেস ধারাবাহিকভাবেই হাঁটছিল। এবার সেখানে জুড়ে গেল দেহ সৌষ্ঠব নিয়ে হনুমানের অমর্যাদার অভিযোগ।