
চন্দনা বাউড়ি।
শেষ আপডেট: 31 August 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে শালতোড়ার অবৈধ পাথর খাদানে ব্লাস্টিং এর জন্য ডিনামাইট নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। গুরুতর জখম হন আরও একজন। ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে শালতোড়া বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। নেতৃত্বে রয়েছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি।
চন্দনার অভিযোগ, এই প্রথম নয় শালতোড়ার অবৈধ পাথর খাদানে ব্লাস্টিং এর জন্য ডিনামাইট নিয়ে যাওয়ার সময় এর আগেও গ্রামের বহু মানুষের মৃত্যু হয়েছে। কয়েক বছর আগে কোটা গ্রামে বিস্ফোরণের তীব্রতায় আস্ত একটি বাড়ির উড়ে গিয়েছিল। দুজনের মৃত্যু হয়েছিল। বিজেপি বিধায়ক বলেন, "পুলিশের প্রশ্রয়ে তৃণমূল নেতারা এই অবৈধ কারবার চালাচ্ছেন। তাই পুলিশের ঘুম ভাঙাতেই মানুষকে সঙ্গে নিয়ে এই পথ অবরোধের সিদ্ধান্ত।"
স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম জয়দেব মণ্ডল। শালতোড়া থানার ঝনকা গ্রামের জয়দেব পাথর উত্তোলনের জন্য ডিটোনেটর সাপ্লাই করতেন। শুক্রবার গভীর রাতে লাপাহাড়ি এলাকায় সেই বিস্ফোরক বাইকে করে নিয়ে যাওয়ার সময় কোন কারণবশত বিস্ফোরণ ঘটে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে জয়দেবের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তার একটি পাও উড়ে যায়। শালতোড়া থানার পুলিশ তাকে প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং পরবর্তী সময়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই টুইটে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্তের দাবিও জানিয়েছিলেন। যদিও এ ব্যাপারে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।