মাথায় এডিএমকে-র হোর্ডিং পড়ে মৃত্যু তরুণীর, শুরু রাজনৈতিক চাপানউতোর
দ্য ওয়াল ব্যুরো : তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী শুভশ্রী বৃহস্পতিবার চেন্নাইয়ের পাল্লাভরম-থোরাইপক্কম রেডিয়াল রোড ধরে স্কুটার চালিয়ে আসছিলেন। এমন সময় তাঁর মাথার ওপরে পড়ে বেআইনি হোর্ডিং। স্কুটার সমেত তিনি পড়ে যান। এমন সময় তাঁকে ধাক্কা মারে একটি
শেষ আপডেট: 13 September 2019 16:17
দ্য ওয়াল ব্যুরো : তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী শুভশ্রী বৃহস্পতিবার চেন্নাইয়ের পাল্লাভরম-থোরাইপক্কম রেডিয়াল রোড ধরে স্কুটার চালিয়ে আসছিলেন। এমন সময় তাঁর মাথার ওপরে পড়ে বেআইনি হোর্ডিং। স্কুটার সমেত তিনি পড়ে যান। এমন সময় তাঁকে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
২৩ বছরের শুভশ্রী অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর মাথায় ছিল হেলমেট। তাও তিনি আঘাত থেকে রক্ষা পাননি। এডিএমকে-র এক সমর্থক ওই রাস্তায় লাইফ সাইজ হোর্ডিংটি লাগিয়েছিলেন। তাতে দলের প্রয়াত নেত্রী জয়ললিতা, মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভামের ছবি ছিল। যিনি হোর্ডিং লাগিয়েছিলেন, তাঁর নাম সি জয়গোপাল। ওই অঞ্চলে একটি অনুষ্ঠানে পালানিস্বামী ও পনিরসেলভামের আসার কথা ছিল। তাই তিনি ওই হোর্ডিং লাগান।

তরুণীর মৃত্যুর খবর পেয়েই বিরোধী ডিএমকে সরকারের কড়া সমালোচনা করেছে। দলের নেতা স্ট্যালিন টুইট করে বলেন, যত্রতত্র বেআইনি হোর্ডিং দেখা যাচ্ছে। সরকারের অবহেলা ও পুলিশের অকর্মণ্যতা এর জন্য দায়ী। ক্ষমতার দম্ভে সরকার আরও কতজনের প্রাণ নেবে জানি না। একইসঙ্গে স্ট্যালিন তাঁর দলের কর্মীদের জানিয়ে দিয়েছেন, যদি কোনও সভা উপলক্ষে ব্যানার বা হোর্ডিং লাগানো হয়, তিনি সেখানে যাবেন না।
এডিএমকে-ও কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছে, হোর্ডিং বা ব্যানার লাগাবেন না। এদিনের ঘটনা সম্পর্কে তামিলনাড়ুর শাসক দল বলেছে, আমাদের কয়েকজন অতি উৎসাহী কর্মী ওই ব্যানার লাগিয়েছিলেন। এর ফলে জনজীবনে কী বিরূপ প্রভাব পড়ে, তাঁরা বিবেচনা করেননি।
চেন্নাই সাউথ রিজিয়নের পুলিশের জয়েন্ট কমিশনার বলেন, যারা ওই হোর্ডিং লাগিয়েছিল, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে ট্যাঙ্কার তরুণীকে ধাক্কা মেরেছিল তার ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। যে প্রেসে ওই হোর্ডিং ছাপা হয়েছিল, তাও সিল করে দিয়েছে চেন্নাই পুরসভা।