দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা নিয়ে এবার মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপকে সতর্ক করল কেন্দ্র।
বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন অংশে ছড়াচ্ছে ‘ছেলেধরা’র গুজব। প্রতিক্ষেত্রেই হোয়াটস অ্যাপে আসছে জাল মেসেজ। বলা হচ্ছে, ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের অঙ্গ বিক্রি করে দেবে ছেলেধরার দল। ভয় বাড়াতে এর সঙ্গে ছড়ানো হচ্ছে জাল ছবিও।
আতংকিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বাইরের অচেনা লোক দেখলেই সন্দেহের বশে শুরু হচ্ছে গণপ্রহার। মারা যাচ্ছেন নিরীহ মানুষ। মহারাষ্ট্র, ত্রিপুরা, গুজরাত, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওড়িশার মতো দেশের বিস্তীর্ণ অংশে ঘটেছে এমন ঘটনা। নিহত ১৯ জন মানুষ।
হোয়াটস অ্যাপের মাধ্যমে এই ধরনের জাল খবর ছড়ানো নিয়ে চিন্তিত কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই বিষয় নিয়ে হোয়াটস অ্যাপের কর্তাদের সতর্কও করেছে তারা। বলা হয়েছে, এই ধরনের ফেক মেসেজ ছড়ানোর দায় এড়াতে পারে না হোয়াটস অ্যাপ। যত তাড়াতাড়ি সম্ভব ফেক মেসেজের প্রচার বন্ধ করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে তাঁদের।
দেশের রাজনৈতিক মহলের অনেকেই কিন্তু এই নিয়ে নানা প্রশ্ন তুলছেন। তাঁদের বক্তব্য, ছেলেধরার এই গুজব কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ফায়দা তুলতে রাজনৈতিক কারবারিরাও ইন্ধন দিচ্ছেন সামাজিক মেরুকরণে। তৈরি হচ্ছে অবিশ্বাসের বাতাবরণ। জাল ছবি ও খবর ছড়িয়ে ছেলেধরার গুজব ছড়ানো সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অঙ্গ হয়ে উঠছে।
তাঁদের বক্তব্য, এই ধরণের গুজব আটকানোর দায়িত্ব শুধু হোয়াটস অ্যাপের ওপর ছেড়ে দিয়ে নিজেদের দায় এড়াতে পারে না কেন্দ্র।