
শেষ আপডেট: 25 July 2023 15:05
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে বিতর্কিত আফস্পা আইন চালু থাকার সময় সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তর-পূর্বের এই রাজ্যটির মহিলাদের নির্বিচারে ধর্ষণ, শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। মনোরমা থাঙ্গিয়ামকে খুন-ধর্ষণের প্রতিবাদে ২০০৪-এর ১৫ জুলাই মণিপুরে অসম রাইফেলসের সদর দফতরের গেটে নগ্ন শরীরে গিয়ে দাঁড়িয়েছিলেন ১২ মহিলা। তাঁদের সামনে সাদা কাপড়ের উপর লালকালিতে লেখা ছিল ‘ইন্ডিয়ান আর্মি রেপ আস।’ সেই প্রতিবাদ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই ঘটনার ২০ বছর পর জাতিদাঙ্গায় ফের বিধ্বস্ত মণিপুর (Manipur unrest)। উত্তাল সেই রাজ্যে দুই মহিলাকে গণধর্ষণ, বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে, যা নিয়ে বর্তমানে উত্তাল সারা দেশ। তার মধ্যেই এক মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করতে দেখা গেছে এক বিএসএফ জওয়ানকে (BSF Jawan Gropes Manipur Woman)। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ফের, যা দেখে স্তম্ভিত নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে ২০ জুলাই ইম্ফলে একটি পেট্রোল পাম্পের কাছে একটি মুদি দোকানে। অভিযুক্ত বিএএসএফ কর্মীর নাম সতীশ প্রসাদ, সে একজন হেড কনস্টেবল বলে জানা গেছে। দোকানের ভিতরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে সতীশকে উর্দি পরে ইনসাস রাইফেল নিয়ে দেখা গেছে। সেখানেই এক মহিলাকে অশালীনভাবে স্পর্শ করতে, তাঁর শ্লীলতাহানি করতে দেখা গেছে তাকে।
বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
ইতিমধ্যেই মণিপুর পুলিশ দাবি করেছে, যৌন নির্যাতনের ঘটনার ক্ষেত্রে বেশ কয়েকটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। তবে তদন্তে কোনও অগ্রগতি হয়নি কারণ নির্যাতিতারা এখনও তদন্তে সহায়তা করেননি। তারা জানিয়েছে, যারা ভুয়ো খবর প্রচার করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিচ্ছি।
মিড ডে মিলেও টাকা বন্ধ হওয়ার আশঙ্কা? শিক্ষা দফতরের মেসেজে উৎকণ্ঠা