
শেষ আপডেট: 22 December 2023 22:43
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিজেপি করার অপরাধে দুই পরিবার আবেদন করেও বার্ধক্য ভাতা ও আবাস যোজনার ঘর পাচ্ছে না বলে অভিযোগ তুলেছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই অভিযোগ নস্যাৎ করে দিল সংশ্লিষ্ট পরিবার। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
উত্তর ২৪ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের ঘটনা। বিজেপির সমর্থক ওই পরিবারের সদস্যদের দাবি, তাঁরা আবাস যোজনার ঘর বা বার্ধক্য ভাতার জন্য আবেদনই করেননি। লক্ষ্মীর ভাণ্ডার সহ তাঁরা একাধিক সরকারি সুবিধা পাচ্ছেন।
কয়েকদিন আগে বিজেপির মণ্ডল সভাপতি মনোজ কুমার সরকার সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, যে বিজেপি করার অপরাধে এই এলাকার দুই পরিবারের সদস্যদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে তৃণমূল। তাঁদের বাড়ি সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুর পূর্ব পাড়ায়। এই এলাকার পঞ্চায়েত তৃণমূলের হাতে থাকায় তাঁরা ক্ষমতার অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপির অভিযোগ খতিয়ে দেখতে আসরে নামে তৃণমূল। জানা যায়, চিত্রটি পুরোপুরি উল্টো। দুই পরিবারের সুমিতা দফাদার ও উমারানি দফদার জানিয়েছেন, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করে প্রথম থেকে টাকা পাচ্ছেন।
সুমিতার দাবি, "তিনি আবাস যোজনার ঘরের আবেদন করেননি।" এদিকে উমারানির দাবি, "তাঁর স্বামী বার্ধক্যভাতার জন্য আবেদন করেননি।" বিজেপি নেতার আনা অভিযোগ 'মিথ্যে' বলেও জানান তাঁরা।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিবাটি সংগ্রামপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি ঘোষ। তিনি বলেন, ''প্রচারের আলোয় আসতে পঞ্চায়েতকে কালিমালিপ্ত লিপ্ত করতে পরিকল্পনা করে এই ধরনের প্রচার করছে বিজেপি। আমি ওই বিজেপি পরিবারের সঙ্গে দেখা করে কথাও বলেছি। তাঁরা জানিয়েছেন, সরকারি ঘর ও বার্ধক্য ভাতার জন্য আবেদন করিনি। ওরা লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে।''
ঘটনাকে ঘিরে অস্বস্তিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব। যদিও এ ব্যাপারে তাঁদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।