
শেষ আপডেট: 4 February 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো,আসানসোল: ৩০ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে। কাজ বন্ধের নোটিস টাঙিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে বিক্ষোভে বসেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। রবিবার সেই সিটুর আন্দোলন মঞ্চেই দেখা গেল আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সিপিএম-বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের দাবি, “এখানে রাজনীতি করতে আসিনি। এখানে যাঁরা আন্দোলন করছেন তাঁরা সকলেই শ্রমিক। পেটের ভাত, রুটির দাবিতে আন্দোলনে নেমেছেন। এলাকার বিধায়ক হিসেবে তাই তাঁদের আন্দোলনকে সমর্থন জানাতে হাজির হয়েছি।”
অগ্নিমিত্রার বক্তব্যকে সমর্থন জানিয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকরও বলেন, “বিজেপির সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই যেমন আছে চলবে। কিন্তু আজ তিনি বিধায়ক হিসেবে এসেছেন। এই মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয়েছে।”
হেমন্তর দাবি, “যখন কেউ ক্ষুধার্ত থাকে, রাজনৈতিক স্লোগান ওঠে না, তখন একটাই আওয়াজ আসে 'আমাকে ভাত দাও, রুটি দাও'। আজ বিজেপি বিধায়িকাও এই আওয়াজ তুলতে এখানে উপস্থিত হয়েছেন।”
আচমকা কারখানা বন্ধের জন্য তৃণমূলের স্থানীয় নেতৃত্বকেদায়ী করেছেন তাঁরা। যদিও অভিযোগ উড়িয়ে আইএনটিইউসি নেতা অভিজিৎ ভট্টাচার্য বলেন, “কারখানাবন্ধের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আসলে নিজেদের গোপন আঁতাত প্রকাশ্যে চলে আসায় নজর ঘোরাতে এসব কথা বলছেন বিজেপি এবং সিপিএমের নেতারা।” এ ব্যাপারে অবশ্য কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।