দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের গেলে পর্যটকদের অন্যতম আকর্ষণ থাকে ডাল লেকের শিকারা। জলের মধ্যে নৌকাবিহার। কাঠের তৈরি সেসব নৌকো দেখতেও অন্যরকম। রবিবার ডাল লেকে সেই শিকারায় চেপেই প্রচার করছিল বিজেপি। সামনে জেলা উন্নয়ন কাউন্সিলের ভোট। তারই প্রচার চলছিল। কিন্তু তখনই উল্টে গেল শিকারা।
চার বিজেপি নেতা কনকনে ঠান্ডা জলে পড়ে যান। ছিলেন বেশ কয়েকজন চিত্র সাংবাদিকও। তাঁরাও পড়ে যান জলে। তারপর স্থানীয়রাই উদ্ধার করেন সবাইকে।
বড় কোনও বিপদ না হলেও ডিসেম্বরে কাশ্মীরের ঠান্ডার মধ্যে জলে পড়ে যাওয়া কম কষ্টকর নয়। বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন বলেন, পাড়ের কাছে এসেই উল্টে যায় শিকারাটি। তবে কারও কিছু হয়নি। সবাই ঠিক আছেন। মনে করা হচ্ছে, লোক বেশি হয়ে যাওয়ার ফলেই বিপত্তি ঘটেছে।
রবিবারের শিকারা মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কেন্দ্রীয় অর্থ প্র্তিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনিই বিজেপির তরফে ভূস্বর্গের দায়িত্বপ্রাপ্ত নেতা। যদিও তাঁর শিকারায় কোনও সমস্যা হয়নি।
ছদফায় ভোট হবে জেলা উন্নয়ন কাউন্সিলের। ২০১৯ সালের অগস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এই প্রথম ভোট হবে কাশ্মীরে। প্রায় সাড়ে সাত লক্ষ ভোটার ভোট দেবেন। লড়াই করছেন ২৪৫ জন প্রার্থী। তার মধ্যে ১০০ জন মহিলা।