
শেষ আপডেট: 30 August 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, চলতি বছরের শেষ চার মাসে বিহারের স্কুলে ১২টি ছুটি বাতিল করে দিল নীতীশ কুমার সরকার (12 holidays cancelled)। এই তিন মাসে স্কুলে মোট ২৩টি ছুটি বরাদ্দ ছিল। বুধবার বিহার সরকারের শিক্ষা দফতর ছুটির নয়া তালিকা প্রকাশ করেছে (Bihar government released new list of holiday for schools)।
বিহার সরকারের বক্তব্য, শিক্ষার অধিকার আইন অনুযায়ী ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বছরে ২০০ দিন স্কুলে পঠনপাঠন হওয়ার কথা। অন্যদিকে, ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ক্লাস হওয়ার কথা ২২০ দিন। এই আইন মানতেই ছুটি কমানো হল। প্রশ্ন উঠেছে, বছরের গোড়ায় কেন সরকার এই সিদ্ধান্ত নেয়নি। বিহার সরকারের বক্তব্য, তাপপ্রবাহ এবং বন্যার কারণে অনেক দিন স্কুল বন্ধ রাখতে হয়েছিল। তাই ছুটি কমিয়ে পঠনপাঠনের ব্যবস্থা করা হল।
বিজেপি অবশ্য এই সিদ্ধান্তকে হিন্দু বিরোধী বলে দেগে দিয়েছে। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বেজায় ক্ষুব্ধ সরকারি সিদ্ধান্তে। তিনি বলেন, এরপর দেখা যাবে সব হিন্দু উৎসব, পরবে ছুটি বাতিল হয়ে যাবে। সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বিহারের আর এক বিজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও।
আরও পড়ুন: অধীরের সাসপেনশন তুলে নিল লোকসভার কমিটি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার