
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 19 August 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার বোনেদের হাতে রাখি পরিয়ে সুরক্ষা দেওয়ার অঙ্গিকার নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার কাটোয়া স্টেশন রোডে দলীয় কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপবাবু। তখন তাঁর হাতে রাখি পরিয়ে দেন কয়েকজন। উল্টে দিলীপবাবুও তাঁদের হাতে রাখি পরিয়ে দেন।
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দেন এই বিজেপি নেতা। তিনি বলেন, "রাজ্যের মহিলাদের মান, সম্মান জীবন অসুরক্ষিত। আমি সকালে মহিলাদের হাতে রাখি বাঁধলাম। এতদিন আমরা জানি, বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধে। আর আমরা তাদের সুরক্ষা দেওয়ার সংকল্প নিই। আজকে পরিস্থিতির দিকে তাকিয়ে যে আমরা তাঁদের হাতে রাখি বেঁধে দিয়ে তাদের সুরক্ষার শপথ নিয়েছি। সংকল্প নিয়েছি, পশ্চিমবঙ্গে একটি মহিলার গায়ে হাত পড়বে না, কোনও অসম্মান হবে না।"
বুধবার রাখি দিনে দিলীপ ঘোষের এমন পদক্ষেপ বেশ সাড়া ফেলেছে কাটোয়া শহরে। তাঁর অনুগামীরাও এদিন মহিলাদের হাতে রাখি পরিয়ে সুরক্ষা অঙ্গীকার নেন।