
শেষ আপডেট: 24 March 2022 12:18
দ্য ওয়াল ব্যুরো: মাঝপথেই দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি, এবার সেই জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) ওপরই ভরসা রাখল মোহনবাগান (ATK Mohun Bagan)। সদ্য সমাপ্ত আইএসএলের মাঝপথেই সবুজ মেরুণ শিবিরের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তখন এটিকে মোহনবাগানের দায়িত্ব নেন স্পেনীয় কোচ জুয়ান ফেরান্দোর।
বৃহস্পতিবার তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনার পর স্পেনীয় কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গেই নতুন করে চুক্তি সই করল মোহনবাগান। উল্লেখযোগ্যভাবে ফেরান্দোর কোচিংয়ে এটিকে মোহন বাগান ১৬টি ম্যাচ খেলেছিল, তার মধ্যে ১৪টিই জিতেছে। তাঁর সাফল্যই আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরসুমের ধরে রাখার জন্যই এই সিদ্ধান্ত।
নতুন মরসুমে তাঁকে দায়িত্ব দেওয়ার জন্য ক্লাবের প্রধান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ফেরান্দো। তিনি বলেম, 'গত মরসুমে আমার কাজকে সম্মান দিয়ে আস্থা রাখার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ।'
আগামী ১২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের প্রথম ম্যাচ সবুজ-মেরুনের। ১ এপ্রিল থেকে সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু হবে এটিকে মোহনবাগানের।