দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে কাবুলে এক তুমুল অশান্তির চেহারা দেখেছিল গোটা বিশ্ব। প্রাণভয়ে দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। প্রবল বিশৃঙ্খলায় চলেছিল গুলি। খবর মিলেছিল, পদপিষ্ট হয়ে মারা গেছিলেন ৫ জন। কিন্তু আমেরিকান সেনাবাহিনী বলছে, এখানেই শেষ নয়। গত সাত দিনে কাবুল এয়ারপোর্টে অন্তত ২০ জন মারা গেছেন।
মার্কিন ন্যাটো বাহিনীর এক কর্তা বলেন, "কাবুল এয়ারপোর্টে যা হয়েছে তা অতি দুর্ভাগ্যজনক। আমরা যত জনকে যত দ্রুত পেরেছি কাবুল বিমানবন্দর থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তা করতে গিয়েই মাসুল দিতে হয়েছে অন্তত ২০টি প্রাণের।"
জানা গেছে, গত রবিবার তালিবান কাবুল দখল করার পর থেকেই কাবুল বিমানবন্দরে হুড়মুড়িয়ে বাড়তে থাকে ভিড়। সবাই প্রাণভয়ে দেশ ছেড়ে পালাতে চান। দেখা যায়, বিমানের বাইরে গা দিয়ে বেয়ে উঠছেন অনেকে। দু'জন আফগান যাত্রী বিমানের চাকায় লুকিয়ে ছিলেন, বিমান ওড়ার পরে কয়েক হাজার ফুট ওপর থেকে ছিটকে পড়েন তাঁরা। সে ভিডিও দেখে শিউরে ওঠে সারা বিশ্ব।
"আমাদের প্রথম ও প্রধান লক্ষ ছিল, বিমানবন্দরে যাতে তালিবানের সঙ্গে কোনও সংঘর্ষ না ঘটে। বাইরের এলাকা থেকে বিমানবন্দরকে বিচ্ছিন্ন করে রেখেছিলাম আমরা।"-- বলেন ওই কর্তা। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। ৫ জনের পদপিষ্ট হওয়ার খবর এবং দু'জনের পড়ে যাওয়ার ভিডিও সামনে এলেও, আদতে মৃত্যু আরও বেশি।