
শেষ আপডেট: 16 November 2022 13:13
দ্য ওয়াল ব্যুরো: বুধবার, ১৬ নভেম্বর জি-২০ র সভাপতিত্বের দায়িত্বভার নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামীদিনের জন্য জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নেতৃত্বের দায়িত্ব ভারতের প্রতিটি নাগরিককে গর্বিত করবে বলে জানান মোদী। জি-২০ র দু’দিনের সম্মেলন শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো-র হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi takeover Presidency of G20)।
জি-২০ অন্তর্ভুক্ত সদস্য দেশগুলি যৌথ বিবৃতি চূড়ান্ত করার পরই দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মোদী বলেন ‘সমস্ত দেশের সম্মিলিত উদ্যোগে জি-২০ শীর্ষ সম্মেলন পৃথিবীর কল্যাণে অনুঘটকের কাজ করবে।‘ প্রধানমন্ত্রী জানান, জি-২০ র সভাপতিত্বের পরিসর হবে আরও ব্যাপক, উচ্চাকাঙ্ক্ষী, দৃঢ় ও সক্রিয়। তিনি উপস্থিত সদস্যদের স্মরণ করিয়ে দেন, এমন সময় ভারতের পক্ষ থেকে এই দায়িত্বভার তিনি গ্রহণ করছেন যখন গোটা দুনিয়া ভূ-রাজনৈতিক অস্থিরতা, আর্থিক মন্দা, খাদ্যপণ্য ও শক্তির মূল্যবৃদ্ধিতে ধুঁকছে।
আগামীদিনে ভারত জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে জানিয়ে মোদী বলেন, ‘আমাদের অতিথিরা ভারতের বিস্ময়কর বৈচিত্র্য, সুবিশাল ঐতিহ্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি সম্পর্কে চমৎকার অভিজ্ঞতা লাভ করবেন। আমরা আশা করব ভারতে এই অনন্য উদযাপনে আপনারা সকলে উপস্থিত থাকবেন।‘ এই প্রসঙ্গে তিনি ভারতকে ‘গণতন্ত্রের জননী’ বলে উল্লেখ করেন।
জি-২০ গোষ্ঠীর আগামী একবছরের আশু কর্তব্য ঘোষণায় প্রধানমন্ত্রী তালিকার শীর্ষে রেখেছেন নতুন উদ্ভাবনা ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিষয়টি। খুব স্বাভাবিক ভাবেই পরিবেশের প্রসঙ্গটি উঠে আসে তাঁর ভাষণে। তিনি বলেন, ‘প্রাকৃতিক সম্পদের ওপর স্বাভাবিক কর্তৃত্ব ইদানীং ক্রমবর্ধমান বিবাদের কারণ হয়ে উঠছে এবং পরিবেশের পক্ষে হয়ে উঠছে দুশ্চিন্তার। আমাদের গ্রহের ভবিষ্যতের কথা ভেবে ট্রাস্টিশিপের ভাবনা গড়ে তোলা দরকার কারণ সেটাই একমাত্র সমাধানের পথ।‘ এই প্রসঙ্গে তিনি পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে জীবনযাপনের কথা বলেন।
বিমানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক নয়, নয়া ঘোষণা বিমান পরিবহণ মন্ত্রকের