
শেষ আপডেট: 16 April 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, গরম যা পড়েছে (Scorching Heat) তাতে বাচ্চাদের কথা মাথায় রেখেই আগামী সপ্তাহে সোম থেকে শনিবার রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার পরেই বিকাশ ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে স্কুল বন্ধের নির্দেশ (Govt Notice) দেওয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি-বেসরকারি সমস্ত স্কুল বন্ধ (Closing School) রাখার কথাই বলেন। তবে তাঁকে এও বলতে শোনা গিয়েছিল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি (Private Schools) অনেক সময়ে সরকারের পরামর্শ মানতে চায় না। তাদেরও বলা হচ্ছে, ছেলেমেয়েদের কথা মাথায় রেখে যেন এই সাত দিন স্কুল, কলেজ বন্ধ রাখে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে মিশ্র চিত্র দেখা গেল।
বিকাশ ভবনের নির্দেশের পর রাজ্যের বেশিরভাগ বেসরকারি, কেন্দ্রীয় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক, সাউথ পয়েন্ট, মডার্ন হাই ফর গার্লসের মতো স্কুলগুলি। শিক্ষা দফতরের নির্দেশের পরই বিজ্ঞপ্তি দিয়ে স্কুল বন্ধের কথা জানিয়েছে তারা।
কিছু কিছু স্কুল আবার অনলাইন ক্লাসের দিকে ঝুঁকেছে। যেমন হেরিটেজ। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গরমের জন্য স্কুল বন্ধ রাখা হচ্ছে। তবে পড়ার যাতে কোনও ক্ষতি না হয় তাই অনলাইন ক্লাস নেওয়া হবে। আগামী সপ্তাহে আবার কিছু কিছু স্কুলে পরীক্ষাও আছে। সেক্ষেত্রে পরীক্ষার দিন পড়ুয়াদের স্কুলে এসে পরীক্ষা দিতে বলা হয়েছে। তবে পরীক্ষার সময় যাতে কোনও পড়ুয়ার গরমের জন্য কষ্ট না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে।
ফিউচার ফাউন্ডেশন স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের ইমেল করে স্কুল বন্ধের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। তবে ১৮ তারিখ থেকে অনলাইনে ক্লাস নেওয়া হবে পড়ুয়াদের। একই পথে হেঁটেছে মুকুন্দপুরের বিড়লা হাই স্কুলও।
কিন্তু কলকাতা-সহ রাজ্যের কিছু বেসরকারি প্রতিষ্ঠান এখনই স্কুল বন্ধ করতে নারাজ। তবে বাচ্চাদের যাতে কষ্ট না হয় সেই জন্য স্কুলের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। যেমন অশোকা হল গার্লস হাই স্কুল, জিডি বিড়লার মতো স্কুলগুলির তরফে কোনও বন্ধের নোটিস আসেনি রবিবার রাত পর্যন্ত। ফলে সেগুলি খোলা থাকছে বলেই জানিয়েছেন অভিভাবকরা। টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুলগুলিতে সকালের দিকে ক্লাস করিয়ে বেলা হওয়ার আগেই ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেজরিওয়ালের ৯ ঘণ্টা হয়ে গেল সিবিআই দফতরে, গ্রেফতারির আশঙ্কা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী