
শেষ আপডেট: 22 June 2022 03:09
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প (Agnipath) ঘোষণার পর থেকেই দেশজুড়ে তাকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু প্রতিবাদ-বিক্ষোভে ভারতীয় সেনায় অগ্নিবীরদের নিয়োগ আটকানো যাবে না, সাফ জানিয়েছে সরকার। আজ থেকেই শুরু হচ্ছে নৌ-সেনায় (Navy Recruitment) অগ্নিপথ-এর নিয়োগ প্রক্রিয়া।
নৌ-সেনায় নিয়োগ শুরু হওয়ার কথা ছিল ২৫ জুন থেকে। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, ২২ তারিখ থেকেই অগ্নিপথ প্রকল্পের আওতায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে নৌ-সেনা। এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে।
শুধু নৌ-সেনাই নয়, বাকি দুই সেনাবাহিনীতেও নিয়োগ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হতে চলেছে।
এদিকে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের মাঝে বড় ঘোষণা করেছে হরিয়ানা সরকার (Haryana)। সেখানকার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন, অগ্নিবীরদের মধ্যে যাঁরা যাঁরা ৪ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসর নিয়ে হরিয়ানা সরকারের অধীনে কাজ করতে চাইবে, তাঁদের চাকরির গ্যারান্টি দিচ্ছেন তিনি নিজে। অর্থাৎ ৪ বছর পর চাকরির যে অনিশ্চয়তায় ভুগছে তরুণ সমাজ, তাদের আশ্বস্ত করা হল। অগ্নিবীরদের চাকরির গ্যারান্টি দিল হরিয়ানা সরকার। এর আগে অগ্নিবীরদের চাকরির জন্য আহ্বান করেছেন দেশের অন্যতম প্রতিষ্ঠিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও। তিনিও বলেছেন ৪ বছর পর অগ্নিবীরদের চাকরি দেবেন তিনি।