
শেষ আপডেট: 20 June 2022 12:05
দ্য ওয়াল ব্যুরো: 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতার মধ্যেই ভারতীয় পদাতিক সেনা বা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে (Agneepath) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। বিজ্ঞপ্তি অনুসারে, জুলাই মাসে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন। এতদিন সেনায় নিয়োগের জন্য দেশের বিভিন্ন সেনা নিয়োগ কেন্দ্রগুলিতে গিয়ে কাগজপত্র জমা দিতে হত চাকরিপ্রার্থীদের। তারপর সেখান থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হত। কিন্তু অগ্নিপথে (Agneepath) আবেদন এবং নিয়োগ সংক্রান্ত তথ্য অনলাইনেই জমা করতে হবে।
গতকাল, রবিবার দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে অগ্নিপথে (Agneepath) যোগদানের শর্তাবলী। প্রথমে স্থলবাহিনীতে ‘অগ্নিবীর’ নিয়োগ করা হবে। এরপরে ভারতীয় সেনার বিমান ও নৌ–বাহিনীতে নিয়োগ হবে। আগেই জানানো হয়েছে, অগ্নিপথে নিয়োগ করা হবে ৪ বছরের জন্য। ওই ৪ বছর নিয়োগ প্রাপ্তদের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ মিলবে অগ্নিবীরদের।
অগ্নিপথ প্রকল্পে নিয়োগের সময় অগ্নিবীরদের বয়স থাকতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। ভারতীয় সেনার মাপকাঠির ভিত্তিতে শারীরিক সক্ষমতা এবং মেধা যাচাই করা হবে। অষ্টম শ্রেণি পাশে কিংবা মাধ্যমিক পাশে কিংবা উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে অগ্নিবীররা প্রতি মাসে ৩০ হাজার টাকা (প্রথম বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ) করে পাবেন । পরে তা বেড়ে প্রায় ৪৫ হাজার টাকা করে হবে প্রতি মাসের বেতন (চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)।
কর্তব্যরত অবস্থায় কোনও অগ্নিবীর আহত বা নিহত হলে তিনি বা তাঁর পরিবার ভারতীয় সশস্ত্র বাহিনীর এক জন সদস্যের সমান ক্ষতিপূরণ, ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও পাবেন বিনামূল্যে ৪৮ লক্ষ টাকার জীবনবিমাও। ৪ বছরের মধ্যে চাকরি ছাড়তে পারবেন না অগ্নিবীররা। তবে বিরল বা বিশেষ কোনও পরিস্থিতিতে চাকরি ছাড়ার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।
বেঙ্গালুরুতে মোদী ঢেউ, কনভয় থামিয়ে হাত নেড়ে ‘মানুষ পাশে আছে’ বার্তা প্রধানমন্ত্রীর