
শেষ আপডেট: 20 June 2022 14:58
দ্য ওয়াল ব্যুরো: একে একে ‘অগ্নিপথ’ প্রকল্পকে ঢালাও সমর্থন এবং ‘অগ্নিবীর’দের নিজের সংস্থায় নিয়োগের ঘোষণা করছেন দেশের তাবড় শিল্পপতিরা। সোমবার সকালেই অগ্নিপথ (Agneepath) প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভকে দুর্ভাগ্যজনক বলে টুইট করে জানিয়েছেন মাহিন্দ্রা গ্রপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহীন্দ্রা। কেন্দ্রের এই নয়া প্রকল্প অগ্নিবীরদের শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ করে তুলবে বলে তিনি আশাবাদী বলে জানান।
কিন্তু দেশজুড়ে অগ্নিপথ (Agneepath) প্রকল্পের প্রতিবাদে পথে নেমে সোচ্চার হয়েছে যুব সমাজের একাংশ। সেইসঙ্গে বিজেপি বিরোধী প্রায় সব দলই কেন্দ্রের এই নয়া প্রকল্পের প্রতিবাদে সরব হয়েছে। অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি তুলেছে কংগ্রেসও। কৃষি আইনের মতো অগ্নিপথ প্রকল্পও কেন্দ্র বাধ্য হবে প্রত্যাহার করে নিতে, এমন দাবি রাহুল গান্ধীরও। ঠিক এই আবহেই অগ্নিপথ নিয়ে এবার মোদী সরকারের পাশে দাঁড়ালেন দেশের বিশিষ্ট শিল্পপতিরা।
টুইটে আনন্দ লিখেছেন, ‘অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে যে হিংসাত্মক ঘটনা ঘটছে সেটা দুঃখজনক। গত বছর প্রকল্পটির প্রসঙ্গ উঠেছিল। তখনই বলেছিলাম, অগ্নিবীরদের শৃঙ্খলা এবং দক্ষতা অর্জনই তাঁদের বিশিষ্টভাবে নিয়োগযোগ্য করে তুলবে। মাহিন্দ্রা গ্রুপ এই ধরনের প্রশিক্ষিত, সক্ষম যুবকদের নিয়োগের সুযোগকে স্বাগত জানায়।’
একই সুরে সুর মিলিয়েছেন অন্য শিল্পপতিরাও। অগ্নিপথকে সমর্থন জানিয়েছেন টিভিএস মটোর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন বেণু। তাঁর দাবি, এই প্রকল্প সমাজের জন্য মঙ্গল। এবং দেশকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। অগ্নিপথকে সমর্থন জানিয়েছেন নোকরি ডট কমের সহ–প্রতিষ্ঠাতা সঞ্জীব ভিখচন্দানি, এফআইসিসিআর–এর ডিরেক্টর জেনারেল অরুণ চাওলা, অশোক লেল্যান্ড, আরপিজি–র হর্ষ গোয়েঙ্কা–সহ বহু শিল্পপতি। ওই শিল্পপতিদের অগ্নিপথ নিয়ে বক্তব্য টুইট করেছেন সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি। হ্যাশট্যাগ ‘ইন্ডিয়া উইথ অগ্নিবীর’ লেখা ওই টুইটে লেখা, দেশের শিল্পমহল অগ্নিবীরদের স্বাগত জানাচ্ছে।
শিল্পপতিরা জানাচ্ছেন, কর্পোরেট ক্ষেত্রে অগ্নিবীরদের কাজের বড় সুযোগ হতে পারে। তাঁদের শক্তি, দলবদ্ধ কাজ এবং শারীরিক অনুশীলনের মতো গুণাবলী শিল্প সহায়ক হবে। এদিকে অগ্নিপথ নিয়ে দেশজুড়ে উত্তপ্ত আবহ। প্রকল্প বাতিলের দাবিতে কোথাও ভাঙচুর তো কোথাও আগুন ধরাচ্ছেন বিক্ষোভকারীদের একাংশ।
জুলাইয়ে আর্মিতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু, মাঝপথে চাকরি ছাড়া যাবে না