
শেষ আপডেট: 5 October 2023 22:30
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে গণ পিটিশন পেশ করতে রাজভবন অভিযান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল শিলিগুড়িতে ছিলেন। তাঁর সঙ্গে দেখা হয়নি। তাই অভিষেক ঘোষণা করে দিয়েছেন, রাজ্যপালের সঙ্গে দেখা না করে তিনি যাবেন না। রাতভর ধর্না মঞ্চে থাকবেন। অভিষেকের এই ঘোষণার পর দেখা গেল রাত পৌনে দশটা নাগাদ ধর্না মঞ্চে তাঁর সঙ্গে দেখা করতে এলেন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় বিরোধীদের রাজনৈতিক আক্রমণে রুজিরার প্রসঙ্গে বারবার উঠেছে। তবে রাজনৈতিক কর্মসূচির স্থানে রুজিরাকে এর আগে কখনও দেখা যায়নি। এদিন অভিষেকের রাতভর ধর্নার ঘোষণা যেমন ব্যতিক্রমী, তেমনই ব্যতিক্রমী ভাবে সেখানে দেখা গেল রুজিরাকে।
তবে অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, রুজিরার সেখানে আসার সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই। অভিষেক রাতে বাড়ি ফিরবেন না। রাজভবনের সামনে লাগাতার এই ধর্না কতদিন ধরে চলবে তাও ঠিক নেই। কারণ, রাজ্যপাল কলকাতায় কবে ফিরবেন তা অনিশ্চিত। সেই কারণেই অভিষেকের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার খোঁজ নিতে সেখানে গিয়েছিলেন রুজিরা।
ঘটনাচক্রে নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে আগামী সপ্তাহে অভিষেক ও রুজিরা দুজনেই পৃথক দুটি দিনে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা ছাড়া তাঁদের সম্পত্তির হিসাবও ইডির কাছে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ১০ তারিখের মধ্যেই অভিষেককে যাবতীয় নথি ইডির কাছে পেশ করতে হবে। ১ ঘণ্টা বাড়তি সময় তিনি পাবেন না।