
শেষ আপডেট: 27 November 2023 17:27
দ্য ওয়াল ব্যুরো: দল অনুমতি দিলে ২৪ এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হতে চান আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। নওসাদ প্রার্থী হলে সমর্থন করা হবে, আগেভাগে জানিয়ে রেখেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এমন আবহে এবার ভোটের আসরে নওসাদের দাদা তথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিক।
সোমবার সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে আব্বাসকে বলতে শোনা গিয়েছে, “লোকসভায় ডায়মন্ড হারবারে যদি আমরা প্রার্থী দিই, আপনারা জেতাবেন তো? আমায় দেখে ভোট দেবেন আপনারা। জেতালে আমি প্রতি মাসে এখানে এসে আপনাদের সমস্যা শুনব। একমাসের মধ্যে সমাধান করে দেব।”
আব্বাসের এই মন্তব্যটি কবেকার বা কোন সভা থেকে তিনি এমন কথা বলেছেন তা অবশ্য স্পষ্ট নয়। তবে আব্বাসের এমন ঘোষণা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ আব্বাসের বিরুদ্ধে সরাসরি ধর্মীয় তাস খেলার অভিযোগ এনেছে। এসব করে আব্বাসরা বাংলায় যে বিশেষ সুবিধা করতে পারবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আব্বাসকেই সরাসরি ভোটে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বলেন, “নওসাদ বনাম আব্বাস সিদ্দিকি হচ্ছে। কে বড় সেটা প্রমাণ করার চেষ্টা চলছে। তবে আমি বলে রাখছি, ক্ষমতা থাকলে আব্বাস নিজে ভোটে লড়ুক, ৪ লক্ষ ভোটে হারাব।”
এব্যাপারে আব্বাসের পাল্টা কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সোশ্যাল সাইটে আব্বাসের ওই ভিডিও ক্লিপিংস ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
রাজ্যের যে কটি লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে ডায়মন্ড হারবার তার মধ্যে অন্যতম। মেটিয়াবুরুজ বিধানসভা বাদে এই লোকসভা কেন্দ্রের বাকি ৬টি বিধানসভায় বাংলাভাষী মুসলিমের আধিক্য বেশি। এলাকায় ফুরফুরা শরিফের প্রভাবও রয়েছে। তাই ভোটের ময়দানে আব্বাসের বিরুদ্ধে ধর্মীয় তাস খেলার অভিযোগ আনা হচ্ছে কোনও কোনও মহল থেকে।